প্রতিবন্ধী ব্যক্তিদের শিক্ষা, চিকিৎসা, কর্মসংস্থান ও পুনর্বাসনে সহায়তা প্রদানের লক্ষ্যে ‘বাংলাদেশ প্রতিবন্ধী কল্যাণ সমিতি (বিপিকেএস) জাতীয় লটারি-২০২৬’-এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।
রোববার (২৪ মে) সকাল সাড়ে ১০টায় ঢাকার জাতীয় প্রেস ক্লাবের আব্দুস সালাম হলে আয়োজিত অনুষ্ঠানে লটারির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের অর্থ মন্ত্রণালয়ের অনুমোদনক্রমে এ লটারি কার্যক্রম পরিচালিত হবে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা আবদুস সালাম, প্রশাসক, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সচিব ড. মোহাম্মদ আবু ইউছুফ, অর্থ মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ সম্পদ বিভাগের উপসচিব মো. হুমায়ুন কবির এবং সহকারী সচিব মো. জিল্লুর রহমান।
অনুষ্ঠানের মূল বক্তা ছিলেন ইউএন ডিজঅ্যাবিলিটি রাইটস চ্যাম্পিয়ন, প্রতিবন্ধী ব্যক্তির অধিকার ও সেবা সুরক্ষা বিষয়ক স্টিয়ারিং কমিটির সদস্য এবং বিপিকেএসের প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক আবদুস সাত্তার দুলাল। সভাপতিত্ব করেন বিপিকেএসের চেয়ারম্যান মো. আনোয়ার হোসেন হাজারী।
বক্তারা বলেন, লটারির মাধ্যমে অর্জিত অর্থ প্রতিবন্ধী ব্যক্তিদের শিক্ষা সহায়তা, চিকিৎসা সেবা, কর্মসংস্থান সৃষ্টি ও পুনর্বাসন কার্যক্রমে ব্যয় করা হবে। তারা জানান, বিপিকেএস ইতোমধ্যে প্রায় ১২ হাজার প্রতিবন্ধী ব্যক্তিকে সহায়ক উপকরণ প্রদান করেছে এবং প্রায় আড়াই লাখ মানুষকে বিভিন্নভাবে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হতে সহায়তা করেছে। পাশাপাশি শিক্ষক, সাংবাদিকসহ প্রায় সাড়ে পাঁচ লাখ পেশাজীবী ও দায়িত্বশীল ব্যক্তিকে প্রতিবন্ধিতা বিষয়ক প্রশিক্ষণ দেওয়া হয়েছে।
প্রধান অতিথি আবদুস সালাম বলেন, প্রতিবন্ধী জনগোষ্ঠীর উন্নয়ন ও অধিকার নিশ্চিত করতে বর্তমান সরকার বিভিন্ন উদ্যোগ বাস্তবায়ন করছে। তিনি বিপিকেএসের ভবিষ্যৎ কার্যক্রমের সাফল্য কামনা করেন।
মূল বক্তা আবদুস সাত্তার দুলাল বলেন, ২০ টাকা মূল্যমানের এই জাতীয় লটারির প্রথম পুরস্কার ৩০ লাখ টাকা এবং দ্বিতীয় পুরস্কার ৭ লাখ টাকা। এছাড়া মোট ৯৪৮টি আকর্ষণীয় পুরস্কার রাখা হয়েছে। লটারির টিকিট বিক্রি শুরু হবে আগামী ৩০ মে ২০২৬ থেকে এবং ড্র অনুষ্ঠিত হবে ১৯ জুলাই ২০২৬।
অনুষ্ঠানে বিপিকেএসের কার্যনির্বাহী কমিটির সদস্য, বিভিন্ন সামাজিক সংগঠনের প্রতিনিধি, গণমাধ্যমকর্মী এবং জাতীয় লটারি প্রকল্পের সদস্য-সচিব হাজী মো. আলম কবিরসহ অনেকে উপস্থিত ছিলেন।
বিপিকেএস কর্তৃপক্ষ দেশের সকল শ্রেণি-পেশার মানুষকে লটারি ক্রয় ও প্রচারে সহযোগিতার মাধ্যমে প্রতিবন্ধী ব্যক্তিদের কল্যাণে অংশীদার হওয়ার আহ্বান জানিয়েছে।

