ঝিনাইদহে জুমার নামাজ শেষে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক নাসীরুদ্দীন পাটোয়ারীর ওপর হামলার ঘটনা ঘটেছে। শুক্রবার (২২ মে) দুপুরে জেলা কালেক্টর জামে মসজিদের সামনে এই হামলার শিকার হন তিনি ও তার সফরসঙ্গীরা।
হামলার পর নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টে ঘটনার বিস্তারিত তুলে ধরেন এই নেতা। নাসীরুদ্দীন পাটোয়ারী জানান, ঝিনাইদহে পূর্বনির্ধারিত কর্মসূচি অনুযায়ী জেলা প্রশাসকের বাসভবনের ঠিক বিপরীতে পৌর কালেক্টর জামে মসজিদে জুমার নামাজ আদায় শেষে বের হওয়ার পরপরই হামলার ঘটনা ঘটে। তার দাবি, পুলিশের উপস্থিতিতেই ছাত্রদল ও যুবদলের নেতাকর্মীরা এই হামলা শুরু করে।
হামলার বর্ণনা দিয়ে তিনি লেখেন, প্রথমে তাদের লক্ষ্য করে ডিম ও ইট-পাটকেল নিক্ষেপ করা হয় এবং পরবর্তীতে হকিস্টিক দিয়ে অতর্কিত আঘাত করা হয়। এতে তিনজনের মাথা ফেটে গেছে এবং বেশ কয়েকজন নেতাকর্মী আহত হয়েছেন। নাসীরুদ্দীন পাটোয়ারীকে লক্ষ্য করেও কিল-ঘুষি মারা হয় এবং হামলাকারীরা তাদের মোবাইল ফোন, ক্যামেরা ও মানিব্যাগ ছিনিয়ে নেয় বলেও তিনি অভিযোগ করেন।
বর্তমানে নাসীরুদ্দীন পাটোয়ারীসহ আহতরা স্থানীয় থানায় অবস্থান করছেন এবং মামলার প্রস্তুতি নিচ্ছেন। তবে ফেসবুক পোস্টে তিনি উদ্বেগ প্রকাশ করে আরও উল্লেখ করেছেন যে, ছাত্রদল, যুবদল ও বিএনপির নেতাকর্মীরা আবারও থানার সামনে জড়ো হয়ে হামলার প্রস্তুতি নিচ্ছে।
এই ঘটনার পর থেকে এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। তবে হামলার অভিযোগের বিষয়ে সংশ্লিষ্ট রাজনৈতিক সংগঠনের স্থানীয় নেতাদের কোনো তাৎক্ষণিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে থানা ও আশপাশের এলাকায় পুলিশি তৎপরতা বাড়ানো হয়েছে।

