জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে আসন্ন পবিত্র ঈদুল আজহার পাঁচটি জামাত অনুষ্ঠিত হবে। প্রথম জামাত শুরু হবে সকাল ৭টায়। প্রতিটি জামাতের জন্য ইমাম ও মুকাব্বিরদের দায়িত্ব নির্ধারণ করে তালিকা চূড়ান্ত করেছে ইসলামিক ফাউন্ডেশন (ইফা)।
ইফা সূত্রে জানা যায়, প্রথম জামাতে ইমামতি করবেন বায়তুল মোকাররমের সিনিয়র পেশ ইমাম হাফেজ মাওলানা মুফতি মো. মিযানুর রহমান এবং মুকাব্বির হিসেবে থাকবেন ক্বারি ইসহাক।
দ্বিতীয় জামাত সকাল ৮টায় অনুষ্ঠিত হবে, এতে ইমাম থাকবেন ড. মাওলানা ওয়ালীয়ূর রহমান খান। তৃতীয় জামাত সকাল ৯টায়, চতুর্থ জামাত সকাল ১০টায় এবং শেষ জামাত সকাল ১০টা ৪৫ মিনিটে অনুষ্ঠিত হবে—প্রতিটি জামাতের জন্য আলাদা ইমাম ও মুকাব্বির নির্ধারণ করা হয়েছে।
কোনো ইমাম অনুপস্থিত থাকলে বিকল্প ইমাম ও মুকাব্বির দায়িত্ব পালনের ব্যবস্থাও রাখা হয়েছে। নির্ধারিত সময়ের আগে সংশ্লিষ্টদের উপস্থিত থাকতে অনুরোধ জানিয়েছে ইসলামিক ফাউন্ডেশন।

