মানবাধিকারে মঞ্জুর হোসেন ঈসা, সমাজসেবায় সেলিনা আফরোজ ছবিসহ ১০জনকে জাতীয় কবি নজরুল স্মারক সম্মানান প্রদান
জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মবার্ষিকী উপলক্ষে এক বিশেষ আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেছে স্বদেশ সাংস্কৃতিক ফাউন্ডেশন। গত ১৯ মে (মঙ্গলবার) সন্ধ্যা ৬টায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় চিত্রশালা মিলনায়তনে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
মানবতা, প্রেম ও দ্রোহের কবি কাজী নজরুল’ শীর্ষক এই আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা সৈয়দ আলমগীর এমবিএ। বক্তব্যে তিনি জাতীয় কবির সাম্য, মানবতা ও অন্যায়ের বিরুদ্ধে আপসহীন সংগ্রামের দর্শন বর্তমান সমাজে ছড়িয়ে দেওয়ার আহ্বান জানান।
সৈয়দ আলমগীর বলেন, কাজী নজরুল ইসলাম ছিলেন শোষিত ও বঞ্চিত মানুষের কণ্ঠস্বর। তাঁর কবিতা ও গান যুগে যুগে আমাদের যেকোনো অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার হতে অনুপ্রেরণা জোগায়। আজকের তরুণ প্রজন্মের কাছে নজরুলের আদর্শ আরও বেশি প্রাসঙ্গিক।
স্বদেশ সাংস্কৃতিক ফাউন্ডেশনের সভাপতি সাবেক ছাত্রনেতা এডভোকেট মোঃ রবিউল হোসেন রবি’র সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বাংলাদেশ জাতীয় মানবাধিকার সমিতির চেয়ারম্যান মোঃ মঞ্জুর হোসেন ঈসা। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক সিনেট সদস্য প্রফেসর আকবর সিরাজী, নিপসম কীটতত্ত্ব বিভাগের অধ্যাপক ও বিভাগীয় প্রধান ড. গোলাম ছারোয়ার, আইনজীবি ও রাজনীতিবিদ ওয়াজিউল হক শরীফ, জিয়া সামাজিক সাংস্কৃতিক ফোরাম-জিসাফ কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি মর্জিনা সুলতানা পনু জিয়াউর রহমান সমাজকল্যাণ পরিষদ (জিসপ) সভাপতি গিয়াস উদ্দিন খোকন ঢাকাস্থ বগুড়া জেলা জাতীয়তাবাদী ফোরাম এর সহ-সভাপতি মোঃ বদিউজ্জামান আকন্দ প্রমুখ।
অনুষ্ঠানে বক্তারা জাতীয় কবির জীবন, সাহিত্য এবং সমাজ গঠনে তাঁর সাম্য ও দ্রোহের দর্শনের ওপর বিস্তারিত আলোচনা করেন। আলোচনা সভা শেষে মানবাধিকারে মঞ্জুর হোসেন ঈসা, সমাজসেবায় সেলিনা আফরোজ ছবিসহ ১০জনকে জাতীয় কবি নজরুল স্মারক সম্মানান প্রদান করা হয়। এরপর কবি নজরুলের কালজয়ী কবিতা আবৃত্তি এবং নজরুলের জনপ্রিয় গান নিয়ে একটি মনোজ্ঞ সাংস্কৃতিক পর্ব পরিবেশিত হয়। এসময় স্বদেশ সাংস্কৃতিক ফাউন্ডেশনের নেতৃবৃন্দসহ দেশের বিভিন্ন স্তরের সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও নজরুল-অনুরাগীরা এই আয়োজনে উপস্থিত ছিলেন।


