দিনাজপুর প্রতিনিধি:
দিনাজপুরে মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে ইয়াবা ট্যাবলেট ও গাঁজাসহ তিন মাদক কারবারিকে গ্রেফতার করেছে কোতোয়ালি থানা পুলিশ।
আজ সোমবার দুপুরে তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
গ্রেফতারকৃতরা হলেন— দিনাজপুর পৌর এলাকার হিরাহার মহল্লার মহব্বত আলীর ছেলে লিটন হোসেন (৩২), সদর উপজেলার নিশ্চিন্তপুর সুমতি পাড়া এলাকার হাবিবুর রহমানের ছেলে দেলোয়ার হোসেন (২৮) এবং পৌর এলাকার ৮ নম্বর নিউটাউন রেলঘুমটি এলাকার মানিক মিয়ার ছেলে মুন্না মিয়া (২৭)।
পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে কোতোয়ালি থানা পুলিশ শহরের বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে তাদের আটক করে। এ সময় মুন্না মিয়ার কাছ থেকে ১০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এছাড়া দেলোয়ার হোসেনের কাছ থেকেও ১১০ পিচ টেপেন্টাডোল ট্যাবলেট ও গাঁজা উদ্ধার করা হয়েছে। অভিযানে উদ্ধার হওয়া মাদকের পরিমাণ ও ধরন যাচাই করে তা জব্দ তালিকাভুক্ত করা হয়।
দিনাজপুর কোতোয়ালি থানার অফিসার ইনচার্জ (ওসি) নুরুন্নবী গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে জানান, আটক ব্যক্তিরা দীর্ঘদিন ধরে এলাকায় মাদক ব্যবসার সঙ্গে জড়িত। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা মাদক কারবারের সঙ্গে সম্পৃক্ত থাকার কথা স্বীকার করেছে।
তিনি আরও জানান, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে পূর্বেও একাধিক মাদক মামলা রয়েছে। তারা এলাকায় মাদক বিক্রির মাধ্যমে একটি চক্র গড়ে তুলেছিল। মাদক নির্মূলে পুলিশের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।
পরে তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে জেলা আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

