আসন্ন ঈদুল আজহাকে সামনে রেখে পশুর হাটের পাশাপাশি ব্যক্তিমালিকানাধীন খামারগুলোতেও ক্রেতাদের উপস্থিতি বাড়ছে। কুষ্টিয়ার একটি খামারে দেখা গেছে, প্রতি কেজি লাইভ ওয়েট ৫৫০ টাকা দরে গরু বিক্রি করা হচ্ছে। পাশাপাশি ঈদের আগের দিন পর্যন্ত বিনা খরচে গরু রাখার সুযোগও দিচ্ছে খামার কর্তৃপক্ষ।
খামার কর্তৃপক্ষ জানায়, বর্তমানে সেখানে থাকা প্রায় ১০০টি গরুর মধ্যে অধিকাংশই ইতোমধ্যে বিক্রি হয়ে গেছে। অবশিষ্ট রয়েছে মাত্র ১৩ থেকে ১৪টি গরু, যেগুলো দ্রুত বিক্রি হয়ে যাবে বলে আশা করছেন তারা। নিরাপত্তার বিষয়েও বিশেষ নজর রাখা হচ্ছে বলে জানানো হয়।
অন্যদিকে ক্রেতারা জানান, খামার থেকে সরাসরি গরু কেনার পাশাপাশি বিনা খরচে রাখার সুবিধা থাকায় তারা স্বাচ্ছন্দ্য বোধ করছেন। হাটের তুলনায় খামার পরিবেশকে বেশি নিরাপদ ও সুবিধাজনক বলেও মত দিয়েছেন অনেকে।
প্রসঙ্গত, কুষ্টিয়া জেলায় প্রায় ১৮ থেকে ১৯ হাজার ছোট-বড় খামারি রয়েছে। এদের অনেকেই স্থানীয় পশুর হাটে গরু বিক্রি করেন, আবার অনেকে সরাসরি খামার থেকেও বিক্রয় কার্যক্রম চালাচ্ছেন।

