মধ্যপ্রাচ্যের দেশ সৌদি আরবে ১৪৪৭ হিজরি সনের পবিত্র জিলহজ মাসের চাঁদ দেখা গেছে। ফলে দেশটিতে আগামী ২৭ মে (মঙ্গলবার) পবিত্র ঈদুল আজহা উদযাপিত হবে এবং ২৬ মে (সোমবার) পালিত হবে পবিত্র আরাফাত দিবস।
রোববার সন্ধ্যায় সৌদি আরবের চাঁদ দেখা কমিটি এ তথ্য নিশ্চিত করে। দেশটির সুপ্রিম কোর্ট জানায়, চাঁদ দেখা যাওয়ায় সোমবার, ১৮ মে থেকে জিলহজ মাস গণনা শুরু হয়েছে।
গালফ নিউজ, আরব নিউজ ও খালিজ টাইমসের প্রতিবেদনে বলা হয়, ৯ জিলহজ অর্থাৎ ২৬ মে আরাফাতের ময়দান হবে হজের মূল কার্যক্রমের কেন্দ্রবিন্দু। আর ১০ জিলহজ, অর্থাৎ ২৭ মে কোরবানির ঈদের মাধ্যমে শুরু হবে ঈদুল আজহা।
হজের আনুষ্ঠানিকতা শুরু হবে ৮ জিলহজ, যা ইংরেজি ক্যালেন্ডার অনুযায়ী ২৫ মে থেকে শুরু হচ্ছে।
এছাড়া ওমান, সংযুক্ত আরব আমিরাত, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, তিউনিসিয়া ও তুরস্কেও ২৭ মে ঈদুল আজহা পালনের ঘোষণা এসেছে।
অন্যদিকে বাংলাদেশ, ভারত ও পাকিস্তানে সাধারণত সৌদি আরবের একদিন পর চাঁদ দেখা যায়। সে অনুযায়ী আগামী ২৮ মে (বৃহস্পতিবার) বাংলাদেশে পবিত্র ঈদুল আজহা উদযাপিত হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

