নুরী আক্তার মুন, ডেস্ক রিপোর্ট :
ঈদুল আজহাকে কেন্দ্র করে টানা ছুটির সুযোগে অনেকেই বিদেশ ভ্রমণের পরিকল্পনা করছেন। ভিসা জটিলতা ছাড়াই সহজে ভ্রমণ করতে আগ্রহীদের জন্য বাংলাদেশি পাসপোর্টধারীদের ৩৬টি দেশে ভ্রমণের সুযোগ রয়েছে বলে জানা গেছে।
সম্প্রতি প্রকাশিত হেনলি অ্যান্ড পার্টনার্সের বৈশ্বিক পাসপোর্ট সূচক অনুযায়ী, বাংলাদেশি নাগরিকরা এসব দেশে ভিসামুক্ত, অন-অ্যারাইভাল বা সহজ ই-ভিসা সুবিধায় ভ্রমণ করতে পারবেন।
সরকারি প্রজ্ঞাপন অনুযায়ী, আগামী ২৫ মে থেকে ৩১ মে পর্যন্ত সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত ও বেসরকারি অফিস বন্ধ থাকবে। ফলে কর্মজীবীরা চাইলে এই ছুটিকে কাজে লাগিয়ে ভ্রমণ পরিকল্পনা করতে পারেন।
ভিসা ছাড়াই বা সহজ ভিসায় ভ্রমণযোগ্য দেশগুলোর মধ্যে রয়েছে— মালদ্বীপ, নেপাল, ভুটান, শ্রীলঙ্কা, কেনিয়া, মালদ্বীপ, কম্বোডিয়া, ফিজি, সেশেলস, ডমিনিকা, জ্যামাইকা, বাহামাস, বার্বাডোজসহ আরও কয়েকটি দেশ।
তবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বলছে, কিছু দেশে অন-অ্যারাইভাল সুবিধা থাকলেও আবার কিছু দেশে ভ্রমণের আগে ই-ভিসা বা নির্দিষ্ট শর্ত পূরণ করতে হয়। তাই ভ্রমণের আগে দেশের নিয়মকানুন ভালোভাবে যাচাই করা জরুরি।
পর্যটন সংশ্লিষ্টরা বলছেন, দীর্ঘ ছুটির এই সময়টিকে কাজে লাগিয়ে নেপাল-ভুটান, মালদ্বীপ বা আফ্রিকার কেনিয়ার মতো গন্তব্যগুলো বাংলাদেশি পর্যটকদের কাছে বেশি জনপ্রিয় হতে পারে।

