নরসিংদী প্রতিনিধি:
“আমরা বেহেশতের টিকিট দিতে পারিনি, কারণ সেটা আল্লাহর হাতে। তবে আল্লাহর রহমতে ফ্যামিলি কার্ড দিতে পেরেছি”এ মন্তব্য করেছেন স্বাস্থ্য মন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন বকুল এমপি। নরসিংদীর বেলাবো উপজেলার বিন্নাবাইদ ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের দিঘলদী কান্দা গ্রামে ফ্যামিলি কার্ড বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
৩৬৬ পরিবারকে ফ্যামিলি কার্ড বিতরণ প্রধানমন্ত্রী তারেক রহমানের ঘোষিত জনবান্ধব নির্বাচনী ইশতেহার বাস্তবায়নের অংশ হিসেবে সরকারের পাইলটিং কর্মসূচির আওতায় সমাজসেবা অধিদপ্তরের তত্ত্বাবধানে ওই এলাকায় ৩৬৬টি নিম্ন আয়ের ও অসহায় পরিবারের মাঝে ফ্যামিলি কার্ড বিতরণ করা হয়। অনুষ্ঠানে স্থানীয় প্রশাসন, জনপ্রতিনিধি ও রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
উদ্বোধনী বক্তব্যে মন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন বকুল বলেন, বিগত সরকারের সময়ে ব্যাপক দুর্নীতি ও অর্থ লুটপাটের অভিযোগ তুলে তিনি বলেন, “কৃষকের সামান্য ঋণের জন্য কোমড়ে দড়ি পড়েছে, অথচ কোটি কোটি টাকা লুটপাট হয়েছে। সেই বাস্তবতা বিবেচনায় বর্তমান সরকার কৃষক কার্ড চালুর উদ্যোগ নিয়েছে।” তিনি আরও জানান, ভবিষ্যতে কৃষক কার্ড ও হেলথ কার্ড চালুর পরিকল্পনা রয়েছে।
স্বাস্থ্য খাতের উন্নয়ন তুলে ধরে তিনি বলেন, দেশে শতভাগ হামের টিকাদান কার্যক্রম চালু করা হয়েছে। সন্তানদের সুরক্ষায় অভিভাবকদের হামের টিকা নিশ্চিত করার আহ্বান জানান তিনি। সামাজিক অবক্ষয় ও মাদক প্রসঙ্গে তিনি বলেন, “নেশার কারণে সামাজিক মূল্যবোধ নষ্ট হয়ে যাচ্ছে। সন্ধ্যার পর সন্তানদের অযথা বাইরে থাকতে দেবেন না। ১৮ বছরের নিচে শিশু-কিশোরদের হাতে মোবাইল তুলে দেবেন না।”
তিনি আরও বলেন, উন্নয়ন সরকারের একার পক্ষে সম্ভব নয়, এজন্য সমাজের সকলকে এগিয়ে আসতে হবে। “আজ ফ্যামিলি কার্ড দিচ্ছি, সামনে কৃষক কার্ড ও হেলথ কার্ডও দেওয়া হবে। আপনারা আমাকে একটি সুন্দর সমাজ উপহার দিন।”
মন্ত্রী জানান, আগামীতে দেশে এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ দেওয়া হবে। পাশাপাশি মেয়েদের মাস্টার্স পর্যন্ত বিনামূল্যে পড়াশোনার পরিকল্পনাও সরকারের রয়েছে বলে তিনি উল্লেখ করেন। বক্তব্যের শুরুতে তিনি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার প্রতি শ্রদ্ধা জানান। একই সঙ্গে জুলাই আন্দোলন ও মহান মুক্তিযুদ্ধের শহীদদের আত্মার মাগফিরাত কামনা করেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক ইসরাত জাহান কেয়ার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নরসিংদী জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও নরসিংদী-৩ আসনের এমপি মঞ্জুর এলাহী, সমাজসেবা অধিদপ্তরের বিভাগীয় পরিচালক মিজ আয়েশা আক্তার, উপপরিচালক আসাদুজ্জামান সরদার, বেলাবো উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মে হাফসা নাদিয়া, জেলা বিএনপির সহ-সভাপতি সরদার লিয়াকত হোসেন, সাবেক উপজেলা চেয়ারম্যান আহসান হাবিব বিপ্লবসহ স্থানীয় নেতৃবৃন্দ।

