জাহাঙ্গীর আলম, মির্জাপুর টাঙ্গাইল প্রতিনিধি:
টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার সরিষাদাইড় গ্রামের সন্তান রাম প্রসাদ সরকার জীবনের স্বপ্ন পূরণ ও পরিবারের সচ্ছলতা ফেরানোর আশায় মাত্র ১০ দিন আগে পাড়ি জমিয়েছিলেন ইউরোপের দেশ পর্তুগালে। কিন্তু ভাগ্যের নির্মম পরিহাস, প্রবাস জীবনের শুরুতেই সড়ক দুর্ঘটনায় ঝরে গেল তার প্রাণ।
শুক্রবার (১৫ মে) পর্তুগালের ফারো (Faro) ও পোর্তিমাও (Portimão) এলাকার মাঝামাঝি স্থানে বাংলাদেশিদের বহনকারী একটি প্রাইভেটকারের সঙ্গে দ্রুতগতির ট্রেনের ভয়াবহ সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই নিহত হন রাম প্রসাদ সরকার। দুর্ঘটনায় গাড়িতে থাকা আরও চারজন বাংলাদেশি গুরুতর আহত হয়েছেন বলে জানা গেছে।
নিহত রাম প্রসাদ সরকার টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার সরিষাদাইড় গ্রামের বাসিন্দা। দেশে তিনি মির্জাপুর সদরে একটি ইলেকট্রনিকস ব্যবসা পরিচালনা করতেন। পাশাপাশি তিনি একজন কম্পিউটার ইঞ্জিনিয়ার হিসেবেও পরিচিত ছিলেন। পরিবারের স্বপ্ন পূরণ ও ভবিষ্যৎ গড়ার প্রত্যাশা নিয়ে সম্প্রতি পর্তুগালে পাড়ি জমান তিনি।
তার আকস্মিক মৃত্যুর খবর দেশে পৌঁছালে সরিষাদাইড় গ্রামে নেমে আসে শোকের ছায়া। স্বজনদের আহাজারিতে এলাকার পরিবেশ ভারী হয়ে ওঠে। পরিবারের একমাত্র উপার্জনক্ষম সদস্যকে হারিয়ে দিশেহারা হয়ে পড়েছেন তার স্বজনরা।
স্থানীয়রা জানান, রাম প্রসাদ অত্যন্ত ভদ্র, মেধাবী ও পরিশ্রমী মানুষ ছিলেন। এলাকার তরুণদের কাছেও তিনি ছিলেন অনুপ্রেরণার নাম। তার এমন অকাল মৃত্যু কেউ মেনে নিতে পারছেন না।
এদিকে পরিবারের পক্ষ থেকে পর্তুগাল ও বাংলাদেশ সরকারের সহযোগিতায় দ্রুত মরদেহ দেশে ফিরিয়ে আনার দাবি জানানো হয়েছে। স্থানীয়দের প্রত্যাশা, প্রয়োজনীয় প্রক্রিয়া দ্রুত সম্পন্ন করে প্রবাসে নিহত এই তরুণের মরদেহ যেন দ্রুত পরিবারের কাছে পৌঁছে দেওয়া হয়।

