আসন্ন ঈদুল আজহা উপলক্ষে ২৫ মে থেকে ৩১ মে পর্যন্ত টানা ৭ দিনের সাধারণ ছুটি ঘোষণা করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। এ সময়ে দেশের সব সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত, আধা-স্বায়ত্তশাসিত ও বেসরকারি অফিস বন্ধ থাকবে।
বৃহস্পতিবার (১৪ মে) এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়।
প্রজ্ঞাপনে জানানো হয়, ছুটির আগে ২৩ মে শনিবার ও ২৪ মে রোববার অফিস কার্যক্রম চলবে।
তবে জরুরি সেবা—যেমন বিদ্যুৎ, পানি, গ্যাস, ফায়ার সার্ভিস, বন্দর, ডাক, টেলিযোগাযোগ, হাসপাতাল ও চিকিৎসা সেবা—এই ছুটির আওতার বাইরে থাকবে। এসব খাতে নিয়োজিত কর্মীরা স্বাভাবিক দায়িত্ব পালন করবেন।
এছাড়া ব্যাংকিং কার্যক্রম বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা অনুযায়ী চলবে এবং আদালতের কার্যক্রম সুপ্রিম কোর্টের সিদ্ধান্ত অনুযায়ী পরিচালিত হবে।
শিল্প-কারখানা ও বেসরকারি প্রতিষ্ঠানের ছুটির বিষয়ে বাংলাদেশ শ্রম আইন অনুযায়ী শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় প্রয়োজনীয় নির্দেশনা দেবে বলেও প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।

