টাঙ্গাইলে এক শিশুকে হামের টিকার পরিবর্তে জলাতঙ্কের টিকা দেওয়ার ঘটনায় ৩ সদস্যবিশিষ্ট তদন্ত কমিটি গঠন করে ৩০ দিনের মধ্যে প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। একই সঙ্গে শিশুটির যথাযথ চিকিৎসা নিশ্চিত করারও নির্দেশ দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (১৪ মে) বিচারপতি আহমেদ সোহেলের নেতৃত্বাধীন হাইকোর্টের একটি দ্বৈত বেঞ্চ এ আদেশ দেন।
আদালত এ ঘটনায় ভুক্তভোগী পরিবারকে কেন ৫০ লাখ টাকা ক্ষতিপূরণ দেওয়া হবে না—তা জানতে চেয়ে রুলও জারি করেন।
ঘটনাটি ঘটে টাঙ্গাইলের ভূঞাপুরে। ৩৪ মাস বয়সী এক শিশুকে হামের টিকার পরিবর্তে ভুলবশত জলাতঙ্কের র্যাবিস ভ্যাকসিন দেওয়া হয়। অভিযোগ অনুযায়ী, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে স্বাস্থ্য পরিদর্শক মোহাম্মদ কাইয়ুম ওই টিকা প্রয়োগ করেন। তবে তার পরিবর্তে অন্য একজনকে দিয়ে টিকা দেওয়ানো হয় বলেও অভিযোগ রয়েছে।
এ ঘটনায় পরিবার স্বাস্থ্যকর্মীদের বিরুদ্ধে অবহেলা ও দুর্ব্যবহারের অভিযোগ তুলেছে।

