মোঃ-হাবিবুর রহমান, নওগাঁ প্রতিনিধি:
নওগাঁ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সদস্য নবায়ন ফি হঠাৎ প্রায় চার গুণ বাড়ানোর সিদ্ধান্তকে কেন্দ্র করে ব্যবসায়ীদের মধ্যে ক্ষোভ দেখা দিয়েছে। দীর্ঘদিনের নির্ধারিত ১ হাজার ২০০ টাকার পরিবর্তে চলতি বছর নবায়ন ফি ৫ হাজার টাকা নির্ধারণ করায় উদ্বেগ প্রকাশ করেছেন সাধারণ ব্যবসায়ীরা।
বুধবার সকালে চেম্বারের প্রশাসকের কাছে লিখিত আবেদন জমা দিয়ে ফি পুনর্বিবেচনা, জরুরি সাধারণ সভা আহ্বান এবং দ্রুত নির্বাচন আয়োজনের দাবি জানিয়েছেন ব্যবসায়ীরা।
আবেদনপত্রে বলা হয়, অতিরিক্ত ফি নির্ধারণের ফলে ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায়ীরা আর্থিক চাপে পড়বেন। ব্যবসাবান্ধব পরিবেশ বজায় রাখতে সদস্যদের মতামতের ভিত্তিতে যৌক্তিক ফি নির্ধারণের আহ্বান জানান তারা।
নওগাঁ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির প্রতিষ্ঠাতা সভাপতি আলহাজ জাহাঙ্গীর আলম বলেন, গত ৭ মে অনুষ্ঠিত এক মতবিনিময় সভায় প্রায় ২০০ সদস্য অংশ নেন। সেখানে সদস্যরা জরুরি সাধারণ সভা ও দ্রুত নির্বাচন আয়োজনের দাবি জানান। পাশাপাশি পাশের জেলা চেম্বারগুলোর সঙ্গে সামঞ্জস্য রেখে নবায়ন ফি নির্ধারণের প্রস্তাবও তোলা হয়।
ব্যবসায়ীদের চার দফা দাবির মধ্যে রয়েছে— জরুরি সাধারণ সভা আহ্বান, সদস্যদের মতামতের ভিত্তিতে যৌক্তিক ফি নির্ধারণ, দ্রুত দ্বিবার্ষিক নির্বাচন আয়োজন এবং ব্যবসায়িক সমস্যার সমাধানে কার্যকর উদ্যোগ গ্রহণ।
এদিকে বাণিজ্য মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব আশরাফুল ছিদ্দিক স্বাক্ষরিত এক চিঠিতে নওগাঁ চেম্বারের দ্বিবার্ষিক নির্বাচন আয়োজনের বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশনা দেওয়া হয়েছে বলে জানা গেছে।
এ বিষয়ে নওগাঁ চেম্বারের প্রশাসক ও অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট অনামিকা নজরুল বলেন, আইনি প্রক্রিয়া অনুসরণ করে নির্বাচন আয়োজনের কাজ চলছে। সদস্য নবায়ন ফি ও নতুন সদস্য ফি গেজেট অনুযায়ী নির্ধারিত হয়েছে, যা বাণিজ্য মন্ত্রণালয়ের বিষয়। তবে স্থানীয় বাস্তবতা বিবেচনায় মন্ত্রণালয় ফি কমানোর সিদ্ধান্ত নিলে তা বাস্তবায়নে কোনো আপত্তি নেই বলেও জানান তিনি।
স্থানীয় ব্যবসায়ীরা আশা করছেন, আলোচনার মাধ্যমে দ্রুত এ সংকটের সমাধান হবে এবং চেম্বারের কার্যক্রমে স্বচ্ছতা ও অংশগ্রহণ নিশ্চিত হবে।

