উজিরপুর (বরিশাল) প্রতিনিধি:
বরিশালের উজিরপুর উপজেলায় আসন্ন পবিত্র ঈদুল আজহা ও কুরবানির পশুর হাটকে সামনে রেখে ডাক্তারের প্রেসক্রিপশন ছাড়া ক্ষতিকর স্টেরয়েড বিক্রি বন্ধে কঠোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। একই সঙ্গে সরকারিভাবে বোরো ধান সংগ্রহ কার্যক্রমে প্রকৃত কৃষক ছাড়া অন্য কেউ ধান সরবরাহ করতে পারবে না বলে সতর্ক করা হয়েছে।
বুধবার (১৩ মে) সকাল ১১টায় উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে মাসিক উন্নয়ন সভা ও আইনশৃঙ্খলা বিষয়ক কমিটির সভায় এসব সিদ্ধান্ত গৃহীত হয়। সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ আলী সুজা।
সভায় জানানো হয়, কুরবানির পশু মোটাতাজাকরণে মানবদেহের জন্য ক্ষতিকর স্টেরয়েড বা ওষুধের অপব্যবহার রোধে প্রেসক্রিপশন ছাড়া এসব ওষুধ বিক্রি করা যাবে না। আইন অমান্যকারীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
এছাড়া, সরকার কর্তৃক কৃষকদের কাছ থেকে বোরো ধান সংগ্রহ কার্যক্রমে প্রকৃত কৃষক ব্যতীত অন্য কেউ রাজনৈতিক প্রভাব বা অবৈধ উপায়ে ধান সরবরাহের চেষ্টা করলে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দেওয়া হয়।
সভায় বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ কপিল বিশ্বাস, সমাজসেবা কর্মকর্তা আবুল কালাম আজাদ, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মোঃ মাহমুদুর রহমান, মৎস্য কর্মকর্তা প্রসেন মজুমদার, উজিরপুর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ রকিবুল ইসলাম, ওসি (তদন্ত) মোঃ ফারুক হোসেন, গুঠিয়া ইউনিয়ন পরিষদ প্রশাসক মোঃ গাফফার চৌধুরী, উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা ও হারতা ইউনিয়ন প্রশাসক মোহাম্মদ নূর হোসেন, উপজেলা নির্বাচন কর্মকর্তা মোঃ জাহিদ হোসেন রুমি, মহিলা বিষয়ক কর্মকর্তা কাজী ইসরাত জাহান, যুব উন্নয়ন কর্মকর্তা আসমা বেগম, পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নাদিরা পারভিন, খাদ্য কর্মকর্তা মোহাম্মদ মেহেদী হাসানসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা।
এ সময় উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ হুমায়ুন খান, সিনিয়র সহ-সভাপতি এস এম আলাউদ্দিন, পৌর বিএনপির সভাপতি মোহাম্মদ শহীদুল ইসলাম খান, গুঠিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ শাহিন হাওলাদার, উপজেলা যুবদলের সভাপতি আ.ফ.ম. সামসুদ্দোহা আজাদ, শোলক ইউনিয়ন চেয়ারম্যান সদর আব্দুল হালিম,উজিরপুর উপজেলা প্রেসক্লাব সভাপতি মাহফুজুর রহমান মাসুম এবং বিভিন্ন ইউনিয়ন পরিষদের প্রতিনিধি উপস্থিত ছিলেন।
সভায় বক্তারা উজিরপুর উপজেলাকে মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজিমুক্ত উপজেলা হিসেবে গড়ে তুলতে সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীদের আন্তরিকভাবে কাজ করার আহ্বান জানান।

