দেশে হাম ও এর উপসর্গে শিশু মৃত্যুর সংখ্যা বেড়ে যাওয়া সরকার ও স্বাস্থ্য অধিদপ্তরের জন্য বিব্রতকর পরিস্থিতি তৈরি করেছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর স্বাস্থ্যবিষয়ক বিশেষ সহকারী ড. এস এম জিয়াউদ্দিন হায়দার।
বুধবার (১৩ মে) দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরের ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।
তিনি জানান, সরকারের লক্ষ্য ছিল ১ কোটি ৮০ লাখ শিশুকে টিকাদানের আওতায় আনা, তবে বাস্তবে এর চেয়েও বেশি শিশু টিকা গ্রহণ করায় বর্তমানে কভারেজ ১০৪ শতাংশে পৌঁছেছে। তার মতে, ব্যাপক টিকাদান কার্যক্রমের কারণে দেশে হাম সংক্রমণ ও মৃত্যুর পরিস্থিতি তুলনামূলকভাবে নিয়ন্ত্রণে রয়েছে।
স্বাস্থ্য খাতের বর্তমান অবস্থা তুলে ধরে তিনি বলেন, দীর্ঘদিনের অবহেলা ও দুর্বল ব্যবস্থাপনার কারণে দেশের স্বাস্থ্যসেবা কাঠামো অনেকটাই দুর্বল হয়ে পড়েছে।
তিনি আরও বলেন, প্রাথমিক স্বাস্থ্যসেবা শক্তিশালী করাই সরকারের মূল অগ্রাধিকার এবং জনগণের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দিতে নানা উদ্যোগ নেওয়া হচ্ছে।

