মোবাইল টাওয়ার থেকে নির্গত বিকিরণের কারণে জনস্বাস্থ্যে কী ধরনের ঝুঁকি ও ক্ষতিকর প্রভাব পড়ছে—তা নির্ধারণে গবেষণা করে প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।
বুধবার (১৩ মে) বিচারপতি জেবিএম হাসান ও বিচারপতি আজিজ আহমেদ ভূঁইয়ার সমন্বয়ে গঠিত বেঞ্চ এ আদেশ দেন।
আদালতে রিট আবেদনকারীর পক্ষে শুনানিতে অংশ নেন সুপ্রিম কোর্টের আইনজীবী মনজিল মোরসেদ। তিনি জানান, বুয়েটের অধ্যাপক কামরুল হাসানের প্রাথমিক প্রতিবেদনের ভিত্তিতে মোবাইল টাওয়ার বিকিরণ নিয়ে একটি বিস্তারিত গবেষণা প্রকল্প গ্রহণের সিদ্ধান্ত হয়েছে। আগামী ছয় মাসের মধ্যে এ বিষয়ে চূড়ান্ত প্রতিবেদন আদালতে জমা দিতে বলা হয়েছে।
তিনি আরও জানান, বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনকে (বিটিআরসি) বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট)-এর মাধ্যমে গবেষণা কার্যক্রম পরিচালনার নির্দেশ দেওয়া হয়েছে, যাতে মোবাইল টাওয়ারের বিকিরণজনিত স্বাস্থ্যঝুঁকি বৈজ্ঞানিকভাবে নিরূপণ করা যায়।

