মোঃ হুমায়ুন কবির, গৌরীপুর প্রতিনিধি:
ময়মনসিংহের গৌরীপুরে অভ্যন্তরীণ বোরো মৌসুমে ২০২৫-২০২৬ অর্থবছরে সরকারি ধান-চাল সংগ্রহ অভিযান আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে।
মঙ্গলবার (১২ মে) দুপুরে উপজেলা প্রশাসন ও উপজেলা খাদ্য বিভাগের আয়োজনে গৌরীপুর খাদ্য গুদাম চত্বরে এ কর্মসূচির উদ্বোধন করা হয়। উপজেলা খাদ্যশস্য সংগ্রহ কমিটির সভাপতি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা আফিয়া আমিন পাপ্পা অতিথিদের সঙ্গে নিয়ে ফিতা কেটে সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন করেন।
এ সময় গৌরীপুর খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আলাল উদ্দিন অতিথিদের চালের বস্তার সঠিক ওজন ও মান পরীক্ষা করে দেখান। সরকারি নির্ধারিত মান অনুযায়ী চালের গুণগতমান ও ওজন সঠিক পাওয়া যায়।
উপজেলা খাদ্য নিয়ন্ত্রক রুবায়দুর রানা জানান, চলতি বোরো সংগ্রহ অভিযানে গৌরীপুর উপজেলার দুটি খাদ্য গুদামে মোট ২ হাজার ৩৬ মেট্রিক টন ধান, ১৭ হাজার ৯৩৮ মেট্রিক টন সিদ্ধ চাল এবং ৩৯ মেট্রিক টন আতপ চাল সংগ্রহ করা হবে।
তিনি আরও জানান, সরকারিভাবে প্রতি কেজি ধানের মূল্য নির্ধারণ করা হয়েছে ৩৬ টাকা, অর্থাৎ প্রতি মণ ধানের দাম ১ হাজার ৪৪০ টাকা। এছাড়া প্রতি কেজি সিদ্ধ চাল ৪৯ টাকা এবং আতপ চাল ৪৮ টাকা দরে সংগ্রহ করা হবে।
উপজেলার ১৯টি অটো রাইস মিল ও ৩টি চাতাল রাইস মিল থেকে চাল সংগ্রহ করা হবে। এছাড়া লটারি মাধ্যমে নির্বাচিত তালিকাভুক্ত ৬৭৮ জন কৃষকের কাছ থেকে শুকনা ধান ক্রয় করা হবে। একজন কৃষক সর্বোচ্চ ৩ মেট্রিক টন ধান বিক্রি করতে পারবেন।
খাদ্য নিয়ন্ত্রক রুবায়দুর রানা আরও জানান, গত ৩ মে থেকে ধান সংগ্রহ কার্যক্রম শুরু হয়েছে, যা আগামী ৩১ আগস্ট পর্যন্ত চলবে। আর চাল সংগ্রহ অভিযান শুরু হবে ১৫ মে থেকে এবং সেটিও চলবে ৩১ আগস্ট পর্যন্ত।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অটো মেজর হাসকিন মালিক সমিতির সাধারণ সম্পাদক আলী আকবর আনিস, সহ-সভাপতি মাহবুব আলম ফারুখ, উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক হাবিবুল ইসলাম খান শহীদ, ভারপ্রাপ্ত সদস্য সচিব আব্দুর রহমান বাবুল, গৌরীপুর প্রেসক্লাবের সভাপতি বেগ ফারুক আহম্মেদ, সাধারণ সম্পাদক রাকিবুল ইসলাম রাকিব, রাজনৈতিক নেতৃবৃন্দ, রাইস মিল মালিক এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা।

