জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামী-এর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, ব্যবসায়ীরা ঐক্যবদ্ধ হলে চাঁদাবাজির বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে তারা পাশে থাকবেন।
মঙ্গলবার (১২ মে) সকালে রাজধানীর মিরপুর-১ এলাকার শাহ আলী পাইকারি বাজার পরিদর্শনে গিয়ে তিনি এসব কথা বলেন। এ সময় ব্যবসায়ীরা বাজারে অতিরিক্ত ভাড়া, নীরব চাঁদাবাজি ও মাদকের বিস্তার নিয়ে অভিযোগ তুলে ধরেন।
ব্যবসায়ীদের অভিযোগ, সরকার নির্ধারিত কম ভাড়ার দোকানগুলো বরাদ্দ পাওয়া ব্যক্তিরা নিজেরা ব্যবহার না করে উচ্চমূল্যে ভাড়া দিচ্ছেন। এতে সাধারণ ব্যবসায়ীদের ওপর অতিরিক্ত আর্থিক চাপ তৈরি হচ্ছে। পাশাপাশি চাঁদাবাজির বিষয়েও কথা বলতে ভয় পাচ্ছেন অনেকে।
এ প্রসঙ্গে ডা. শফিকুর রহমান বলেন, চাঁদাবাজি বন্ধে সম্মিলিত প্রতিরোধ প্রয়োজন। তার দাবি, এসব অপকর্মে জড়িতদের পরিচয় স্থানীয় মানুষ জানে, কিন্তু নানা কারণে তারা প্রকাশ্যে কথা বলতে পারছেন না।
তিনি আরও বলেন, বাজার ব্যবস্থার অসংগতি ও মধ্যস্বত্বভোগীদের কারণে কৃষক যেমন ন্যায্যমূল্য পান না, তেমনি ভোক্তারাও বাড়তি দামে পণ্য কিনতে বাধ্য হন। এই পরিস্থিতি পরিবর্তনে রাজনৈতিক ও সামাজিকভাবে আন্দোলন গড়ে তোলার কথাও জানান তিনি।
জামায়াত আমিরের ভাষ্য, জনগণের অংশগ্রহণ ছাড়া কোনো পরিবর্তন সম্ভব নয়। তাই সামাজিক সচেতনতা বাড়িয়ে দুর্নীতি, চাঁদাবাজি ও দুষ্কৃতিকারীদের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান তিনি।

