নাটোরের বড়াইগ্রাম উপজেলার বড়াইগ্রাম ইউনিয়নের দীঘলকান্দি গ্রামে বিপন্নপ্রায় একটি বন্যপ্রাণী মেছোবাঘ পিটিয়ে হত্যার ঘটনা ঘটেছে।
মঙ্গলবার সকালে স্থানীয়রা ওই প্রাণীটিকে ঘিরে ফেলে বাঁশ ও লাঠি দিয়ে আঘাত করে হত্যা করে বলে জানা গেছে।
স্থানীয়দের দাবি, গত কয়েকদিন ধরে অজ্ঞাত একটি হিংস্র প্রাণী এলাকায় হাঁস-মুরগি ধরে নিয়ে যাচ্ছিল এবং কয়েকটি ছাগলের ওপর হামলা চালিয়ে ক্ষতি করে। এ ঘটনার পর গ্রামবাসী একত্রিত হয়ে প্রাণীটিকে শনাক্ত করে হত্যা করে।
পরে মৃত প্রাণীটিকে প্রথমে গন্ধগোকুল হিসেবে ধারণা করা হলেও স্থানীয় সাংবাদিকরা জানান, এটি আসলে মেছোবাঘ। বিষয়টি নিশ্চিত করেন উপজেলা বন কর্মকর্তা সত্যেন সরকার। তিনি বলেন, এটি মেছোবাঘ, যা অনেকে মেছো বিড়াল নামেও চিনে থাকে।
বন্যপ্রাণী বিশেষজ্ঞদের মতে, মেছোবাঘ সাধারণত মানুষকে আক্রমণ করে না এবং মানুষের বসতবাড়ি থেকে দূরে থাকতে পছন্দ করে। এরা মূলত মাছ, ব্যাঙ, কাঁকড়া, শামুক, সাপ, পাখি ও ইঁদুর জাতীয় প্রাণী খেয়ে জীবন ধারণ করে।
বিশেষজ্ঞরা আরও বলেন, জলাভূমির বাস্তুতন্ত্রের ভারসাম্য রক্ষায় এ প্রজাতির গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। এটি একটি বিপন্ন ও সংরক্ষিত প্রজাতি হওয়ায় এ ধরনের প্রাণী হত্যা বন্যপ্রাণী সংরক্ষণ আইনে শাস্তিযোগ্য অপরাধ।
এ ঘটনায় এলাকায় আলোচনা ও সমালোচনার সৃষ্টি হয়েছে।

