দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপের প্রভাবে আগামী কয়েকদিন দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। বিশেষ করে উত্তর ও উত্তর-পূর্বাঞ্চলে ভারি থেকে অতি ভারি বর্ষণের আশঙ্কা করা হচ্ছে।
মঙ্গলবার (১২ মে) আবহাওয়াবিদ এ কে এম নাজমুল হক স্বাক্ষরিত পূর্বাভাসে বলা হয়, উত্তর শ্রীলংকা উপকূলের কাছে দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগরে একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে। একই সঙ্গে পশ্চিমা লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও আশপাশের এলাকায় সক্রিয় রয়েছে।
আবহাওয়া অফিস জানায়, গত ২৪ ঘণ্টায় দেশের সর্বোচ্চ ৯৫ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে তেঁতুলিয়া এলাকায়।
পূর্বাভাস অনুযায়ী, আগামী ২৪ ঘণ্টায় রাজশাহী ও রংপুর বিভাগের কিছু স্থানে এবং ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের দু-এক জায়গায় দমকা হাওয়াসহ বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে।
বুধবার থেকে রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগে বৃষ্টির পরিমাণ বাড়তে পারে। এসব অঞ্চলের কোথাও কোথাও ভারি বর্ষণের সম্ভাবনাও রয়েছে। বৃহস্পতিবার থেকে উত্তর ও উত্তর-পূর্বাঞ্চলে মাঝারি থেকে অতি ভারি বৃষ্টিপাত হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া বিভাগ।
শুক্রবার ও শনিবারও ময়মনসিংহ এবং সিলেট বিভাগে বৃষ্টির প্রবণতা অব্যাহত থাকতে পারে। এ সময় বজ্রপাত ও ঝোড়ো হাওয়ার আশঙ্কায় সংশ্লিষ্ট এলাকার মানুষকে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে।

