পবিত্র ঈদুল আজহা উপলক্ষে সারাদেশে কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ। তিনি বলেন, কোরবানির পশুর হাটগুলোতে সিসিটিভি ক্যামেরাসহ পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করতে সংশ্লিষ্টদের নির্দেশ দেওয়া হয়েছে।
মঙ্গলবার (১২ মে) সচিবালয়ে ঈদুল আজহা উপলক্ষে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণ, পশুর হাটের নিরাপত্তা এবং সার্বিক প্রস্তুতি বিষয়ক সভা শেষে সাংবাদিকদের তিনি এসব কথা জানান।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, কোরবানির পশুবাহী যানবাহনে চাঁদাবাজি রোধে তাৎক্ষণিক ব্যবস্থা নিতে হটলাইন চালু থাকবে। পাশাপাশি ঈদের আগে ও পরে সাত দিন করে মোট ১৪ দিন একটি মনিটরিং সেল সক্রিয় থাকবে, যা সার্বক্ষণিক পরিস্থিতি পর্যবেক্ষণ করবে।
তিনি আরও জানান, নিরাপত্তা ব্যবস্থাকে আরও কার্যকর করতে সংশ্লিষ্ট সব সংস্থার সমন্বয়ে কাজ করা হবে, যাতে ঈদ মৌসুমে জনসাধারণ নির্বিঘ্নে চলাচল ও কোরবানির কার্যক্রম সম্পন্ন করতে পারে।
এছাড়া শ্রমিকদের বেতন-ভাতা ঈদের আগেই পরিশোধের জন্য মালিকপক্ষকে নির্দেশ দেওয়া হয়েছে বলেও জানান স্বরাষ্ট্রমন্ত্রী।

