রাজধানীতে ট্রাফিক ব্যবস্থাপনায় কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির ব্যবহার শুরু করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। এই প্রযুক্তির আওতায় ট্রাফিক আইন লঙ্ঘনের ঘটনায় গত এক সপ্তাহেই ৩ শতাধিক মামলা হয়েছে বলে জানিয়েছেন ডিএমপি কমিশনার মো. সরওয়ার।
সোমবার (১১ মে) উত্তরা এয়ারপোর্ট সড়কে নতুন ট্রাফিক সিগন্যাল লাইট উদ্বোধনের পর তিনি এ তথ্য জানান।
ডিএমপি কমিশনার বলেন, ঢাকার সড়কব্যবস্থাকে আধুনিক ও শৃঙ্খলাপূর্ণ করতে এআইভিত্তিক মনিটরিং চালু করা হয়েছে। কেউ সিগন্যাল অমান্য করলে, উল্টো পথে গাড়ি চালালে বা নিয়ম ভঙ্গ করলে স্বয়ংক্রিয়ভাবে ডিজিটাল মামলা হবে।
তিনি আরও জানান, অভিযুক্ত ব্যক্তি ভিডিও ফুটেজে নিজের আইনভঙ্গের ঘটনাও দেখতে পারবেন। পুরো ব্যবস্থা চালু হলে প্রতিদিন এক হাজারের বেশি মামলা হতে পারে বলেও জানান তিনি।
মো. সরওয়ার বলেন, এই উদ্যোগের উদ্দেশ্য শাস্তি দেওয়া নয়; বরং সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনা এবং নাগরিকদের ট্রাফিক আইন মানতে উৎসাহিত করা।
বর্তমানে রাজধানীর আটটি গুরুত্বপূর্ণ পয়েন্টে এই স্মার্ট ট্রাফিক সিস্টেম চালু হয়েছে। পর্যায়ক্রমে আরও প্রায় ৩০টি পয়েন্টে এটি সম্প্রসারণ করা হবে বলে জানিয়েছে ডিএমপি।

