ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলায় মানবদেহে পুষ্টি নিশ্চিত করতে জিংক সমৃদ্ধ ধান সম্প্রসারণ বিষয়ে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১১ মে) সকাল ১১টায় উপজেলা পরিষদের সভাকক্ষে আন্তর্জাতিক খাদ্য নীতি গবেষণা ইনস্টিটিউট হারভেস্টপ্লাস প্রোগ্রামের রিঅ্যাক্টস-ইন প্রকল্পের উদ্যোগে এবং বাংলাদেশ আরডিআরএস-এর আয়োজনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন হাবিবুর রহমান। অনুষ্ঠানে জিংক সমৃদ্ধ ধানের গুরুত্ব, মানবদেহে জিংকের উপকারিতা, ঘাটতি ও প্রতিরোধের উপায় নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। পাশাপাশি জিংক সমৃদ্ধ ধান ও গমের বিভিন্ন জাত এবং আধুনিক উৎপাদন প্রযুক্তি নিয়ে তথ্য উপস্থাপন করা হয়।
সভায় বক্তব্য রাখেন হারভেস্টপ্লাস প্রকল্প ম্যানেজার কৃষিবিদ শাহিনুল কবির, আরডিআরএস বাংলাদেশের টেকনিক্যাল ম্যানেজার রবিউল আলম, আব্দুল্লাহ আল বাকি, আরডিআরএস হরিপুর প্রতিনিধি, আব্দুর রশিদ এবং ওয়ার্ল্ড ভিশনের কো-অর্ডিনেটর রুমা পারভিনসহ অনেকে।
সভায় ধান-চাল ব্যবসায়ী, বীজ ব্যবসায়ী, মিলার, কৃষক-কৃষাণী ও সাংবাদিকসহ মোট ৪৫ জন অংশ নেন।
আয়োজকদের মতে, জিংক সমৃদ্ধ ধান উৎপাদন ও সম্প্রসারণের মাধ্যমে পুষ্টিহীনতা কমানো এবং দেশের খাদ্য নিরাপত্তা আরও শক্তিশালী করা সম্ভব হবে।

