জনগণের আস্থা অর্জন এবং নিরপরাধ কেউ যেন হয়রানির শিকার না হন—এ বিষয়ে পুলিশ সদস্যদের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
সোমবার (১১ মে) রাজারবাগ পুলিশ অডিটোরিয়ামে পুলিশ সপ্তাহ উপলক্ষে ‘কল্যাণ প্যারেড’-এ বক্তব্য দিতে গিয়ে তিনি এ আহ্বান জানান।
প্রধানমন্ত্রী বলেন, পুলিশ প্রশাসন কোনো দলের নয়, এটি আইন অনুযায়ী পরিচালিত একটি রাষ্ট্রীয় প্রতিষ্ঠান। তাই কোনো নিরপরাধ ব্যক্তি যেন হয়রানির শিকার না হন, তা নিশ্চিত করা পুলিশের দায়িত্ব।
তিনি আরও বলেন, জনগণই রাষ্ট্রের মালিক। সেই মালিক যখন থানায় আসে, তখন পুলিশের আচরণে যেন তারা রাষ্ট্রের মালিকানার অনুভূতি পায়—এটাই গুরুত্বপূর্ণ। জনগণের কাছে পুলিশ যদি আস্থা ও নিরাপত্তার প্রতীক হয়ে উঠতে পারে, তবে সেটিই হবে বাহিনীর বড় সাফল্য।
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, পুলিশের মূল দায়িত্ব দুষ্টের দমন ও শিষ্টের লালন। জনগণের সঙ্গে আস্থার সম্পর্ক গড়ে তুলতে পারলে অপরাধ নিয়ন্ত্রণ সহজ হবে।
তিনি থানাগুলোকে আরও জনবান্ধব করার ওপর গুরুত্বারোপ করে বলেন, মানুষ যেন ভয় নয়, নির্ভরতা নিয়ে থানায় যায়—এমন পরিবেশ তৈরি করতে হবে।
মাদক, সন্ত্রাস, দুর্নীতি ও সাইবার অপরাধ নিয়ন্ত্রণে আধুনিক প্রযুক্তির ব্যবহার বাড়ানোর ওপরও জোর দেন তিনি। পাশাপাশি মানবাধিকার ও আইনের শাসন নিশ্চিত করতে পুলিশের ভূমিকা আরও জোরদার করার আহ্বান জানান।
অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ, পুলিশের মহাপরিদর্শক আলী হোসেন ফকিরসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

