সারাদেশে হাম ও হামের উপসর্গে মারা যাওয়া ৩৫২ শিশুর পরিবারের জন্য ক্ষতিপূরণ চেয়ে হাইকোর্টে একটি রিট আবেদন দায়ের করা হয়েছে। রিটে প্রতিটি পরিবারকে ২ কোটি টাকা করে ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশনা চাওয়া হয়েছে।
রোববার (১০ মে) হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় জনস্বার্থে এ রিট দায়ের করেন সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার হুমায়ন কবীর পল্লব। রিটে স্বাস্থ্য সচিবসহ সংশ্লিষ্টদের বিবাদী করা হয়েছে।
তথ্য অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে শনিবার (৯ মে) পর্যন্ত সারাদেশে হাম ও এর উপসর্গে মৃত্যুর সংখ্যা সাড়ে ৩শ’ ছাড়িয়েছে। সর্বশেষ শনিবার আরও ৯ জনের মৃত্যুর তথ্য জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।
এর মধ্যে হামের উপসর্গ নিয়ে ঢাকা বিভাগে ৩ জন, খুলনা বিভাগে ২ জন এবং সিলেট বিভাগে ১ জনের মৃত্যু হয়েছে। এছাড়া হাম আক্রান্ত হয়ে বরিশাল বিভাগে আরও ৩ জনের মৃত্যু হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তরের সর্বশেষ তথ্য অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে শনিবার পর্যন্ত মোট ৪৭ হাজার ৬৫৬ জনের মধ্যে হামের উপসর্গ পাওয়া গেছে। একই সময়ে ৬ হাজার ৯৭৯ জনের হাম শনাক্ত হয়েছে।
এদিকে একই সময়ের মধ্যে সারাদেশে হামের উপসর্গ নিয়ে মোট ৩৩ হাজার ৬৩১ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। তাদের মধ্যে ২৯ হাজার ৭৪৬ জন চিকিৎসা শেষে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।

