রাজধানীর কদমতলী এলাকার একটি ফোম কারখানায় (ফোম মিল) ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শুক্রবার সন্ধ্যায় কদমতলীর সাদ্দাম মার্কেট সংলগ্ন ওই কারখানায় এই আগুনের সূত্রপাত হয়।
আগুন নিয়ন্ত্রণে বর্তমানে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট একযোগে কাজ করছে। ফায়ার সার্ভিস সদর দপ্তরের কন্ট্রোল রুম থেকে জানানো হয়েছে, শুক্রবার সন্ধ্যা ৬টা ২৪ মিনিটে অগ্নিকাণ্ডের খবর পায় তারা।
খবর পাওয়ার ২০ মিনিটের মধ্যেই ফায়ার সার্ভিসের প্রথম ইউনিট ঘটনাস্থলে পৌঁছে কাজ শুরু করে। আগুনের তীব্রতা বিবেচনা করে আশপাশের স্টেশন থেকে আরও ইউনিট যুক্ত করা হয়েছে। বর্তমানে মোট ৫টি ইউনিট আগুন নেভানোর আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছে।
কারখানাটিতে দাহ্য পদার্থ থাকায় আগুনের শিখা দ্রুত ছড়িয়ে পড়ে। তবে প্রাথমিকভাবে এই ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। অগ্নিকাণ্ডের কারণ এবং ক্ষয়ক্ষতির সঠিক পরিমাণ জানতে তদন্ত প্রয়োজন বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
ফায়ার সার্ভিস কন্ট্রোল রুমের ডিউটি অফিসার রোজিনা আক্তার অগ্নিকাণ্ডের বিষয়টি নিশ্চিত করে জানান, তাদের কর্মীরা সর্বোচ্চ গুরুত্ব দিয়ে আগুন নেভানোর কাজ করছেন যাতে তা আশপাশের এলাকায় ছড়িয়ে পড়তে না পারে।

