বৈরুত-এ বোমা হামলায় নিহত প্রবাসী বাংলাদেশি দিপালী আক্তারের দাফন সম্পন্ন হয়েছে। শুক্রবার (৮ মে) সকালে ফরিদপুরের চরভদ্রাসন উপজেলার চর শালেপুর মুন্সির চর বাজারের ঈদগা মাঠে তার জানাজা অনুষ্ঠিত হয়। পরে নিজ গ্রামের কবরস্থানে তাকে দাফন করা হয়।
স্থানীয় প্রশাসন জানায়, দিপালী আক্তার ওই এলাকার মুকা শেখের মেয়ে। জীবিকার সন্ধানে তিনি লেবাননে গিয়েছিলেন। গত ৮ এপ্রিল সেখানে বোমা বিস্ফোরণে তিনি প্রাণ হারান। প্রায় এক মাস পর ৭ মে রাতে তার মরদেহ দেশে আনা হয়।
প্রবাসীকল্যাণ মন্ত্রণালয় ও জেলা প্রশাসনের উদ্যোগে দ্রুত মরদেহ দেশে ফিরিয়ে আনা সম্ভব হয় বলে জানানো হয়েছে। প্রশাসন আরও জানিয়েছে, ভবিষ্যতে এই পরিবারের পাশে প্রয়োজনীয় সহায়তা দেওয়া হবে।

