আইনশৃঙ্খলা রক্ষায় মাঠ পর্যায়ে দায়িত্ব পালন করা সেনা, নৌ ও বিমানবাহিনীর সদস্যদের ধাপে ধাপে প্রত্যাহারের পরিকল্পনার কথা জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
বৃহস্পতিবার (৭ মে) সিলেটে পাথর উত্তোলন সংক্রান্ত এক বৈঠক শেষে সচিবালয়ে সাংবাদিকদের তিনি এ তথ্য জানান।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বর্তমানে দেশে নির্বাচিত ও রাজনৈতিক সরকার ক্ষমতায় রয়েছে। একই সঙ্গে পুলিশ বাহিনীর কার্যক্রমও আগের তুলনায় আরও সক্রিয় হয়েছে। এই পরিস্থিতিতে দীর্ঘ সময় ধরে সশস্ত্র বাহিনীকে মাঠ পর্যায়ে রাখার প্রয়োজনীয়তা নেই বলে মনে করছে সরকার। তাই ধাপে ধাপে সেনা সদস্যদের প্রত্যাহারের উদ্যোগ নেওয়া হচ্ছে।
তবে কোন প্রক্রিয়ায় এবং কীভাবে এই প্রত্যাহার কার্যক্রম বাস্তবায়ন করা হবে, সে বিষয়ে সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা করেই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানান তিনি।
এছাড়া সিলেট অঞ্চলে পাথর উত্তোলন ও সংরক্ষণ বিষয়ে কথা বলতে গিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী জানান, সিলেট ও সুনামগঞ্জ এলাকায় পরিবেশবান্ধবভাবে পাথর উত্তোলন নিশ্চিত করতে একটি বিশেষ কমিটি গঠন করা হয়েছে। সিলেট বিভাগের কমিশনারের নেতৃত্বে গঠিত এই কমিটি নির্ধারণ করবে কোন এলাকায়, কীভাবে এবং কত গভীরতা থেকে পাথর উত্তোলন করা যাবে, পাশাপাশি পরিবেশ সুরক্ষা কীভাবে নিশ্চিত করা হবে—সব বিষয়েই তারা সিদ্ধান্ত নেবে।

