২০১৩ সালের ৫ মে রাজধানীর মতিঝিল শাপলা চত্বরে সংঘটিত ঘটনার প্রকৃত সত্য উদঘাটনে একটি স্বাধীন ও নিরপেক্ষ তদন্ত কমিশন গঠনের দাবি জানিয়েছেন জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। মঙ্গলবার (৫ মে) এক বিবৃতিতে তিনি এই দাবি উত্থাপন করেন।
বিবৃতিতে ডা. শফিকুর রহমান ২০১৩ সালের সেই দিনটিকে দেশের ইতিহাসের একটি ‘বেদনাবিধুর ও কলঙ্কজনক অধ্যায়’ হিসেবে উল্লেখ করেন। তিনি বলেন, ওই দিনের ঘটনা কেবল জাতির বিবেককে নাড়া দেয়নি, বরং তা ছিল মানবতা, ন্যায়বিচার এবং গণতান্ত্রিক মূল্যবোধের চরম পরিপন্থি।
দীর্ঘ সময় পেরিয়ে গেলেও ঘটনার সুষ্ঠু বিচার না হওয়ায় ক্ষোভ প্রকাশ করে জামায়াত আমির বলেন:
সেদিনের ঘটনার প্রকৃত সত্য এবং প্রাণহানির সঠিক পরিসংখ্যান জাতির সামনে আসা উচিত। ঘটনার জন্য দায়ী ব্যক্তিদের চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনতে একটি গ্রহণযোগ্য তদন্ত কমিশন গঠন করা এখন সময়ের দাবি। সুষ্ঠু বিচারের অভাবে ভুক্তভোগী পরিবারগুলো আজও হাহাকার করছে এবং জনমনে গভীর ক্ষোভ তৈরি হয়েছে।
বিবৃতিতে বিচারহীনতার সংস্কৃতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে তিনি আরও বলেন, একটি সভ্য ও গণতান্ত্রিক রাষ্ট্রে শান্তিপূর্ণ সমাবেশ ও মতপ্রকাশের সাংবিধানিক অধিকার দমনে মরণঘাতী শক্তি প্রয়োগ কোনোভাবেই গ্রহণযোগ্য হতে পারে না। এই ধরনের ঘটনার পুনরাবৃত্তি রোধে আইনের শাসন প্রতিষ্ঠা করা জরুরি।
বিবৃতির শেষাংশে ডা. শফিকুর রহমান দেশে শান্তি, ন্যায়বিচার এবং মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠায় দল-মত নির্বিশেষে সকল দেশবাসীকে ঐক্যবদ্ধ থাকার উদাত্ত আহ্বান জানান।

