পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত ভারতের হাইকমিশনার প্রণয় ভার্মা। সোমবার (৪ মে) পররাষ্ট্র মন্ত্রণালয়ে অনুষ্ঠিত এই বৈঠকে দুই দেশের চলমান সম্পর্ক ও ভবিষ্যৎ সহযোগিতা নিয়ে আলোচনা হয়।
সাক্ষাৎকালে প্রণয় ভার্মা বলেন, বাংলাদেশ-ভারত সম্পর্ক এগিয়ে নিতে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সহযোগিতা গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। এজন্য তিনি মন্ত্রীসহ সংশ্লিষ্টদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
তিনি আরও উল্লেখ করেন, পারস্পরিক স্বার্থ, উন্নয়ন অগ্রাধিকার এবং জনগণকেন্দ্রিক উদ্যোগের ভিত্তিতে দুই দেশের মধ্যে সহযোগিতা আরও জোরদার করতে ভারত আগ্রহী।
এদিকে, পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়নে হাইকমিশনারের অবদানের প্রশংসা করেন এবং তার ভবিষ্যৎ দায়িত্ব পালনে শুভকামনা জানান।
সাক্ষাতে দুই দেশের বিদ্যমান সহযোগিতার বিভিন্ন দিক পর্যালোচনা করা হয় এবং ভবিষ্যতে নতুন সম্ভাবনা কাজে লাগিয়ে সম্পর্ক আরও এগিয়ে নেওয়ার আশাবাদ ব্যক্ত করা হয়।

