নরসিংদী জেলা প্রতিনিধি:
বিগত সময়ে ফ্যাসিবাদবিরোধী আন্দোলন-সংগ্রামে যারা সক্রিয়ভাবে অংশগ্রহণ করেছেন এবং জেল-জুলুম, মামলা-হামলা ও নির্যাতনের শিকার হয়েছেন তাদের যথাযথ মূল্যায়নের এখনই সময় বলে মন্তব্য করেছেন স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতারা।
নরসিংদীর বেলাব উপজেলার সল্লাবাদ ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি মো. মিজানুর রহমান এবং বেলাব উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মো. ছানা উল্লাহ দাবি বলেন, দীর্ঘ আন্দোলন-সংগ্রামের মধ্য দিয়ে তৃণমূল পর্যায়ে যারা দলের পতাকা উঁচিয়ে রেখেছেন, তাদের অবদান উপেক্ষা করার কোনো সুযোগ নেই।
দলীয় কমিটি গঠনের ক্ষেত্রে যোগ্যতা, ত্যাগ এবং রাজনৈতিক অভিজ্ঞতাকে প্রাধান্য দিতে হবে। যারা কমিটিতে আসতে চান বা বিভিন্ন উপায়ে নিজেদের অবস্থান জানান দিতে চেষ্টা করছেন, তাদের মধ্য থেকেও প্রকৃত ত্যাগীদের যাচাই-বাছাই করে মূল্যায়ন করার আহ্বান জানান তারা।
আওয়ামী লীগ সরকারের আমলে বেলাব উপজেলা ছিল সবচেয়ে বেশি নিপীড়ন-নির্যাতনের শিকার এলাকা। এ সময় অসংখ্য নেতাকর্মী মিথ্যা মামলায় জড়িয়ে কারাবরণ করেছেন, অনেকে হামলা-মামলার ভয়ে এলাকা ছাড়তে বাধ্য হয়েছেন। সেই দুঃসময়ে যারা রাজপথে থেকে নেতৃত্ব দিয়েছেন, তাদেরকেই আগামী দিনের নেতৃত্বে এগিয়ে আনতে হবে।
“ত্যাগী নেতাদের বাদ দিয়ে কোনো কমিটি হলে তা তৃণমূলের কাছে গ্রহণযোগ্য হবে না। স্বচ্ছতা, জবাবদিহিতা এবং সাংগঠনিক দক্ষতার ভিত্তিতে সকল কমিটি গঠন করতে হবে।”
কেন্দ্রীয় ও জেলা নেতৃবৃন্দের প্রতি আহ্বান জানিয়ে বলেন, তৃণমূলের মতামতকে গুরুত্ব দিয়ে দ্রুত সময়ের মধ্যে শক্তিশালী, গ্রহণযোগ্য ও আন্দোলনমুখী কমিটি ঘোষণা করা জরুরি।
এতে করে দল আরও সুসংগঠিত হবে এবং গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলন বেগবান হবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।

