জয়পুরহাট প্রতিনিধি:
জয়পুরহাটে র্যাব, বিজিবি ও উপজেলা প্রশাসনের যৌথ অভিযানে বিপুল পরিমাণ অবৈধ যৌন উত্তেজক সিরাপ ও নিষিদ্ধ জর্দা উদ্ধার করা হয়েছে।
গোপন সংবাদের ভিত্তিতে লেঃ কর্নেল মোহাম্মদ লতিফুল বারী, পিবিজিএমএস, পদাতিক, পরিচালক ও অধিনায়কের নেতৃত্বে ব্যাটালিয়ন সদর থেকে একটি বিশেষ টহল দল অভিযান পরিচালনা করে। এ সময় জয়পুরহাট সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা আশিক-উর-রহমান এবং র্যাবের টহল দল অভিযানে অংশ নেয়।
যৌথ বাহিনীর সদস্যরা জয়পুরহাট সদর উপজেলার নতুনহাট রোড সংলগ্ন করতোয়া কুরিয়ার সার্ভিসের গোডাউনে বিশেষ অভিযান চালিয়ে ৫১ কার্টুন অবৈধ যৌন উত্তেজক সিরাপ উদ্ধার করেন। উদ্ধার হওয়া ২৮টি আইটেমের মোট ১৫ হাজার ৬৮৬ বোতল সিরাপের আনুমানিক বাজারমূল্য ৫৪ লাখ ২৫ হাজার ৫০০ টাকা।
এছাড়াও অভিযান থেকে ৫ বস্তা নিষিদ্ধ পদ্দাপুর জর্দা জব্দ করা হয়। জব্দকৃত ৭ হাজার ২০০ পিস জর্দার আনুমানিক মূল্য ১ লাখ ৮০ হাজার টাকা।
সবমিলিয়ে উদ্ধারকৃত মালামালের মোট সিজার মূল্য দাঁড়িয়েছে ৫৬ লাখ ৫ হাজার ৫০০ টাকা। বিজিবি সূত্র জানায়, উদ্ধারকৃত যৌন উত্তেজক সিরাপের বিষয়ে জয়পুরহাট থানায় সাধারণ ডায়েরি (জিডি) করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। জিডি সম্পন্ন হওয়ার পর জব্দকৃত মালামাল ব্যাটালিয়নের সিজার স্টোরে জমা রাখা হবে এবং পরবর্তীতে মাদকদ্রব্য ধ্বংসকরণ অনুষ্ঠানের মাধ্যমে ধ্বংস করা হবে।

