সিলেটের দক্ষিণ সুরমায় এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় অন্তত ৮ জন নির্মাণশ্রমিক নিহত হয়েছেন। আজ রোববার (৩ মে) সকাল ছয়টার দিকে দক্ষিণ সুরমার তেলিবাজার এলাকায় একটি কাঁঠালবোঝাই ট্রাক ও শ্রমিকবাহী পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে এই প্রাণহানির ঘটনা ঘটে। দুর্ঘটনায় আরও অন্তত ১২ জন শ্রমিক গুরুতর আহত হয়েছেন।
নিহতদের মধ্যে চারজনের পরিচয় পাওয়া গেছে। তাঁরা হলেন: মো. সুরুজ আলী (৬০): গ্রাম- ভাটিপাড়া, দিরাই, সুনামগঞ্জ। মোছা. মুন্নি (৩৫): গ্রাম- সেতটি, দিরাই, সুনামগঞ্জ। মো. ফরিদুল (৩৫): এলাকা- নুরনগর, দিরাই, সুনামগঞ্জ। মো. বদরুল (৩০): এলাকা- লালারগাঁও, জালালাবাদ, সিলেট।
বাকি চারজনের নাম-পরিচয় এখনো শনাক্ত করার চেষ্টা চলছে। আহত ১২ জনকে উদ্ধার করে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আহত শ্রমিকদের বর্ণনা অনুযায়ী, তাঁরা প্রায় ২০ জন নির্মাণশ্রমিক একটি ছাদ ঢালাইয়ের মেশিনসহ পিকআপ ভ্যানে করে সিলেটের আম্বরখানা থেকে লালাবাজারের দিকে যাচ্ছিলেন। তেলিবাজার এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি কাঁঠালবোঝাই ট্রাকের সঙ্গে তাঁদের পিকআপের সরাসরি সংঘর্ষ হয়। সংঘর্ষের তীব্রতায় পিকআপে থাকা শ্রমিকরা রাস্তায় ছিটকে পড়েন এবং ঘটনাস্থলেই বেশ কয়েকজনের মৃত্যু হয়।
দক্ষিণ সুরমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আশরাফুজ্জামান জানান, দুর্ঘটনাকবলিত ট্রাক ও পিকআপ ভ্যানটি জব্দ করা হয়েছে। নিহতদের মরদেহ ময়নাতদন্তের জন্য ওসমানী মেডিকেল কলেজের মর্গে রাখা হয়েছে।
সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার (গণমাধ্যম) মো. মনজুরুল আলম জানান, নিহতদের পূর্ণাঙ্গ নাম-ঠিকানা সংগ্রহের কাজ চলছে এবং আহতদের সুচিকিৎসা নিশ্চিত করতে পুলিশ কাজ করছে।

