জাবেদ শেখ, জেলা প্রতিনিধি শরীয়তপুর
শরীয়তপুরে সিএনজি, অটোরিক্সা ও ইজি বাইকসহ থ্রি-হুইল পরিবহন মালিক-শ্রমিকদের যৌথ উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় মহান মে দিবস পালিত হয়েছে।
শুক্রবার (১ মে ২০২৬) সকালে শহরে বর্ণাঢ্য র্যালির মাধ্যমে দিবসের কর্মসূচি শুরু হয়। র্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে শরীয়তপুর পৌরসভা অডিটোরিয়ামে গিয়ে শেষ হয়। পরে সেখানে আলোচনা সভার আয়োজন করা হয়।
আলোচনা সভায় ঐক্য পরিষদ ও ফেডারেশনের সভাপতি হেমায়েত হোসেন লাভলু খানের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক বিল্লাল হোসেন বেপারীর সঞ্চালনায় বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ বক্তব্য দেন।
বক্তারা বলেন, শ্রমিকরা দেশের অর্থনীতির মূল চালিকাশক্তি। তাদের ন্যায্য অধিকার, নিরাপদ কর্মপরিবেশ এবং সামাজিক মর্যাদা নিশ্চিত করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। সভায় শ্রমিক সংগঠনের শক্তি বৃদ্ধি করে অধিকার আদায়ে কার্যকর ভূমিকা রাখার ওপর গুরুত্বারোপ করা হয়।
অনুষ্ঠানে বিশেষ ঘোষণা দিয়ে হেমায়েত হোসেন লাভলু খান বলেন, তিনি পরিচালিত একটি হাসপাতালের (হলি হার্ট) মাধ্যমে শ্রমিক ও তাদের পরিবারের জন্য ৫০ শতাংশ ছাড়ে পরীক্ষা ও চিকিৎসা সেবা দেওয়া হবে। এ সুবিধা পেতে শ্রমিকদের স্বাস্থ্য কার্ড গ্রহণের আহ্বান জানানো হয়।
শেষে মে দিবসের তাৎপর্য তুলে ধরে শ্রমজীবী মানুষের কল্যাণে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।

