ঢাকা মহানগর দক্ষিণ জামায়াতে ইসলামীর কর্মী সম্মেলনে ডাকসুর ভিপি সাদিক কায়েমকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়রপ্রার্থী হিসেবে ঘোষণা করা হয়েছে।
শুক্রবার (১ মে) সকালে রাজধানীর কাকরাইলের ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ (আইডিইবি) কাউন্সিল হলে আয়োজিত থানা ও বিভাগীয় দায়িত্বশীল সম্মেলনে এ ঘোষণা দেওয়া হয়।
ঘোষণার সময় সাদিক কায়েম নিজেও সম্মেলনে উপস্থিত ছিলেন। বিষয়টি দলটির একটি দায়িত্বশীল সূত্র নিশ্চিত করেছে।
দলীয় সূত্র জানায়, ঢাকা দক্ষিণ সিটির নির্বাচন যদি ডাকসুর মেয়াদকালে অনুষ্ঠিত হয়, তাহলে তাকে প্রার্থী করা হবে না। তবে ডাকসু মেয়াদ শেষ হওয়ার পর নির্বাচন হলে সাদিক কায়েমকেই মেয়রপ্রার্থী করা হবে।
এদিকে নির্ভরযোগ্য সূত্র জানিয়েছে, নির্বাচনে অংশ নেওয়ার প্রস্তুতির অংশ হিসেবে সাদিক কায়েম ইতোমধ্যে জাতীয় পরিচয়পত্র খাগড়াছড়ি থেকে ঢাকায় স্থানান্তর করে ভোটার হয়েছেন। পাশাপাশি তিনি দলীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়মিত যোগাযোগ ও সাংগঠনিক কার্যক্রম চালিয়ে যাচ্ছেন।
এ বিষয়ে দলটির সহকারী সেক্রেটারি জেনারেল ও কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের প্রধান অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের বলেন, ঢাকার দুই সিটি করপোরেশনের জন্যই প্রার্থী চূড়ান্ত করা হয়েছে এবং শিগগিরই আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হবে।

