নিজস্ব প্রতিবেদক:
বাংলাদেশ ও নেপালের গণআন্দোলন কাভারেজে ফটোসাংবাদিকদের ভূমিকা ও চ্যালেঞ্জ নিয়ে রাজধানীর প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ (পিআইবি)-এ একটি সেমিনার অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৩০ এপ্রিল) বেলা ১১টায় পিআইবি সেমিনার কক্ষে আয়োজিত এই অনুষ্ঠানের শিরোনাম ছিল ‘কাভারিং আপরাইজিং ইন বাংলাদেশ অ্যান্ড নেপাল: ফটোগ্রাফার অন দ্য স্ট্রিট’।
পিআইবির মহাপরিচালক ফারুক ওয়াসিফ-এর সভাপতিত্বে সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন বশির জামাল,যিনি বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্ট-এর ব্যবস্থাপনা পরিচালক। বিশেষ আলোচক হিসেবে বক্তব্য দেন এ কে এম মহসীন,প্রদীপ রাজ অন্ত,সিনিয়র ফটোসাংবাদিক এ বি এম রফিকুর রহমান এবং সিনিয়র সাংবাদিক কাজী রওনক হোসেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন পিআইবির প্রশিক্ষক সাইদ শাহীন।
স্বাগত বক্তব্যে ফারুক ওয়াসিফ বলেন,বর্তমান সময়ে ফটোসাংবাদিকতা একটি গুরুত্বপূর্ণ পেশা হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে এবং সামাজিক মাধ্যমে এটি ‘পঞ্চম স্তম্ভ’ হিসেবে স্বীকৃতি পাচ্ছে। তিনি উল্লেখ করেন,গণআন্দোলনের সময় ফটোসাংবাদিকরা জীবনের ঝুঁকি নিয়ে গুরুত্বপূর্ণ মুহূর্ত ধারণ করে ইতিহাসকে দৃশ্যমান করে তুলছেন।
মূল প্রবন্ধে বশির জামাল বলেন, ফটোজার্নালিজম সত্য ও নিরপেক্ষ তথ্যকে ছবির মাধ্যমে উপস্থাপনের শক্তিশালী মাধ্যম। বাংলাদেশের মুক্তিযুদ্ধসহ বিভিন্ন ঐতিহাসিক ঘটনার দলিল তৈরিতে এর ভূমিকা অপরিসীম। তবে আধুনিক প্রযুক্তির অগ্রগতির ফলে এ পেশা নতুন চ্যালেঞ্জের মুখে পড়েছে। বিশেষ করে এআই-নির্ভর ভুয়া ছবি ও ডিপফেক প্রযুক্তির কারণে বিশ্বাসযোগ্যতা সংকট তৈরি হচ্ছে।
তিনি আরও বলেন,স্মার্টফোন ও সামাজিক যোগাযোগমাধ্যমের বিস্তারের ফলে সাধারণ মানুষ দ্রুত ছবি ধারণ ও প্রচার করতে পারায় পেশাদার ফটোসাংবাদিকদের মধ্যে প্রতিযোগিতা বেড়েছে। বর্তমান সময়ে একজন ফটোসাংবাদিককে শুধু ছবি তোলায় সীমাবদ্ধ না থেকে ভিডিও,অডিও এবং লেখালেখির দক্ষতাও অর্জন করতে হচ্ছে। একই সঙ্গে নৈতিকতা,নিরাপত্তা ঝুঁকি ও তথ্য বিভ্রান্তির বিষয়গুলোও গুরুত্বের সঙ্গে বিবেচনায় আনতে হবে।
আলোচনায় বক্তারা বাংলাদেশ ও নেপালের প্রেক্ষাপটে ফটোসাংবাদিকতার বর্তমান অবস্থা তুলে ধরে পেশার মানোন্নয়নে প্রশিক্ষণ,দক্ষতা বৃদ্ধি এবং শিক্ষাগত মানদণ্ড নির্ধারণের ওপর জোর দেন। তারা মনে করেন,প্রযুক্তি যেমন কাজ সহজ করেছে,তেমনি বিশ্বাসযোগ্যতা ও নৈতিকতার ক্ষেত্রে নতুন চ্যালেঞ্জ তৈরি করেছে। তাই কঠোর নীতিমালা প্রণয়ন এবং তথ্য যাচাই প্রক্রিয়া জোরদার করা জরুরি।
সেমিনারে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের প্রযোজনা এবং চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর ও পিআইবির সহযোগিতায় নির্মিত ‘শ্রাবণ বিদ্রোহ’ শীর্ষক একটি প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়। পাশাপাশি বাংলাদেশ ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশন-এর দুটি তথ্যচিত্রও প্রদর্শিত হয়। অনুষ্ঠানে বাংলাদেশ ও নেপালের প্রায় ৫০ জন ফটোসাংবাদিক অংশগ্রহণ করেন।

