চাঁদপুরে বিচার চলাকালে আদালতের এজলাসকক্ষে এক আইনজীবীকে মারধরের ঘটনায় বিচার বিভাগীয় তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (৩০ এপ্রিল) চাঁদপুরের চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মুজাহিদুর রহমান এ নির্দেশ দেন।
আদালত সূত্রে জানা যায়, গত ১৫ এপ্রিল চাঁদপুর জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট-১ আদালতের বিচারক শাহাদাতুল হাসান আল মুরাদের এজলাসে একটি মামলার জামিন শুনানি চলছিল। এ সময় চাঁদপুর আইনজীবী সমিতির সাবেক সভাপতি ও জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট বাবর ব্যাপারী আইনজীবী অ্যাডভোকেট শফিকুল ইসলামকে ঘুষি মারেন।
পরে তাকে মারধর করতে করতে এজলাসকক্ষের বাইরে নিয়ে যাওয়া হয়। এ ঘটনায় আদালতের কার্যক্রম সাময়িকভাবে বন্ধ হয়ে যায়।
ঘটনাটি তাৎক্ষণিকভাবে সংশ্লিষ্ট ম্যাজিস্ট্রেটের নজরে এলে তিনি বিষয়টি আমলে নিয়ে অভিযোগ আকারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেন এবং তা চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেটের কাছে পাঠান।
আদালতের ভেতরে আইনজীবীকে মারধরের ঘটনার গুরুত্ব বিবেচনায় নিয়ে বিচার বিভাগীয় তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে বলে জানা গেছে।

