যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যদি আবারও ইরানের বিরুদ্ধে সামরিক পদক্ষেপ নেয়, তাহলে এর পরিণতি হবে “অনিবার্য ও ভয়াবহ” এমন হুঁশিয়ারি দিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে ফোনালাপে তিনি এ সতর্কবার্তা দেন বলে জানিয়েছে ক্রেমলিন।
ক্রেমলিনের সহকারী ইউরি উশাকভ জানান, বুধবার দুই নেতার মধ্যে ৯০ মিনিটেরও বেশি সময় ধরে ফোনালাপ হয়। আলোচনায় মধ্যপ্রাচ্যের পরিস্থিতি, ইরান ইস্যু এবং ইউক্রেন যুদ্ধ গুরুত্ব পায়। তিনি এটিকে “খোলামেলা ও কার্যকর আলোচনা” হিসেবে উল্লেখ করেন।
পুতিন বলেন, ইরানের সঙ্গে উত্তেজনা কমাতে যুদ্ধবিরতি ও কূটনৈতিক আলোচনার সুযোগ রাখা জরুরি। তবে তিনি সতর্ক করে দেন, নতুন করে সামরিক অভিযান শুরু হলে তা শুধু ইরান নয়, প্রতিবেশী দেশ এবং পুরো আন্তর্জাতিক ব্যবস্থার জন্যই ভয়াবহ হতে পারে।
অন্যদিকে, ট্রাম্প সাংবাদিকদের বলেন, পুতিনের সঙ্গে তার আলোচনা “খুব ভালো” হয়েছে। তবে তিনি জানান, আলোচনায় ইউক্রেন যুদ্ধই বেশি গুরুত্ব পেয়েছে।
ইউক্রেন যুদ্ধ প্রসঙ্গে পুতিন দাবি করেন, রুশ বাহিনী কৌশলগত অগ্রগতি বজায় রেখেছে এবং যুদ্ধবিরতির সম্ভাবনাও খোলা রয়েছে।
বিশ্লেষকদের মতে, ইরান ও ইউক্রেন ইস্যুতে দুই পরাশক্তির এই উচ্চ পর্যায়ের আলোচনা আন্তর্জাতিক রাজনীতিতে নতুন কূটনৈতিক চাপ তৈরি করতে পারে।

