লালমনিরহাট প্রতিনিধি:
আদিতমারী উপজেলার সারপুকুর ইউনিয়ন পরিষদের বর্তমান চেয়ারম্যান হুমায়ুন আহমেদ কবিরকে ৫ বছর কারাদণ্ড ও ৫ হাজার টাকা অর্থদণ্ড, অনাদায়ে আরও ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেওয়া হয়।
বুধবার (২৯ এপ্রিল) লালমনিরহাট অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. রওশন আলম এ আদেশ দেন।
মামলার এজাহার সূত্রে জানা গেছে, ২০১২ সালের ১৬মে একটি পিকাপ ভ্যান বোঝাই ভুট্টা নিয়ে ইউপি চেয়ারম্যান হুমায়ুন আহমেদ কবির লালমনিরহাট থেকে ঢাকার উদ্দেশে যাচ্ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে জেলা শহরের পুরাতন বাসস্ট্যান্ড এলাকায় পুলিশ ওই পিকআপটি তল্লাশি চালিয়ে বিশেষ কায়দায় রাখা ৩৪৪টি নিষিদ্ধ ফেনসিডিলের বোতল উদ্ধার করে এবং পুলিশ ইউপি চেয়ারম্যান হুমায়ুন আহমেদ কবির এবং সেকেন্দার আলী (৪৫) নামে তার এক সহযোগীকে আটক করে।
এ ঘটনায় সদর থানার এসআই আসাদুল ইসলাম বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করেন। আদালতের মাধ্যমে তাদের জেলহাজতে পাঠানো হয়।
মামলার দীর্ঘ শুনানি ও সাক্ষ্যগ্রহণ শেষে বুধবার অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. রওশন আলম এ রায় ঘোষণা করেন। রায় ঘোষণার সময় আসামি উপস্থিত ছিলেন।
রাষ্ট্রপক্ষের আইনজীবী এপিপি অ্যাডভোকেট জিন্নাত আরা ফেরদৌসী রোজি জানান, মাদকের বিরুদ্ধে বর্তমান সরকার কঠোর অবস্থানে। বুধবার বিকালেই আসামীকে কারাগারে পাঠানো হয়েছে।

