জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, মুক্তিযুদ্ধে নিজের অবদান তুলে ধরতে গিয়ে অন্যের অবদান খাটো করা উচিত নয়।
মঙ্গলবার বিকেলে জাতীয় সংসদে রাষ্ট্রপতির ভাষণের ওপর ধন্যবাদ প্রস্তাবের আলোচনায় অংশ নিয়ে তিনি এ মন্তব্য করেন। এর আগে কিশোরগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য ফজলুর রহমান বক্তব্য দিতে গিয়ে জামায়াতের সমালোচনা করলে সংসদে উত্তেজনা সৃষ্টি হয়। পরে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ সদস্যদের শান্ত করেন।
ফজলুর রহমানের বক্তব্যের জবাবে বিরোধীদলীয় নেতা শফিকুর রহমান বলেন, একজন মুক্তিযোদ্ধা হিসেবে ফজলুর রহমান সম্মানিত ব্যক্তি। তবে নিজের অবদান তুলে ধরতে গিয়ে অন্যকে অসম্মান করা সমীচীন নয়।
তিনি আরও বলেন, তিনি একজন শহীদ পরিবারের সন্তান এবং জামায়াতে ইসলামী করা তার সাংবিধানিক অধিকার। এ জন্য কারও অনুমতির প্রয়োজন নেই।
এর আগে বক্তব্যে ফজলুর রহমান বলেন, মুক্তিযোদ্ধা পরিবারের কেউ জামায়াত করতে পারে না। কেউ যদি করে থাকেন, তাহলে তিনি দ্বিগুণ অপরাধ করছেন।
ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনে এ বক্তব্যকে কেন্দ্র করে সরকার ও বিরোধী দলের সদস্যদের মধ্যে তুমুল বাকবিতণ্ডা দেখা দেয়।

