ফিলিং স্টেশনগুলোতে জ্বালানি তেল সংগ্রহে দীর্ঘ সারি ও ভোগান্তির বিষয়টি ‘কৃত্রিম সংকট’ হিসেবে মন্তব্য করেছেন স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তাঁর দাবি, দেশে জ্বালানি তেলের কোনো প্রকৃত ঘাটতি নেই; কিছু অসাধু ব্যবসায়ীর অনিয়ম ও মজুতদারির কারণে এ পরিস্থিতি তৈরি হয়েছে।
শুক্রবার (২৪ এপ্রিল) বিকেলে ঠাকুরগাঁও শহরের মির্জা রুহুল আমিন মিলনায়তনে এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, বৈশ্বিক সংঘাতের প্রভাব কিছুটা পড়লেও দেশের ভেতরে সরবরাহ ব্যবস্থায় বড় কোনো সংকট নেই। তার মতে, পরিকল্পিতভাবে তেল মজুত করে বাজারে অস্থিরতা সৃষ্টি করা হচ্ছে।
তিনি আরও অভিযোগ করেন, একটি চক্র জ্বালানি তেল গুদামজাত করে বেশি দামে বিক্রির চেষ্টা করছে, যা সাধারণ মানুষ ও অর্থনীতির জন্য ক্ষতিকর। এ ধরনের অনিয়ম ঠেকাতে প্রশাসনকে কঠোর পদক্ষেপ নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে বলেও জানান তিনি।
এ সময় তিনি দাবি করেন, বর্তমান সরকার উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নে কাজ করছে এবং দেশের অর্থনীতিকে আরও স্থিতিশীল করতে নানা উদ্যোগ নেওয়া হয়েছে।

