বিশ্ববিদ্যালয়গুলোতে শিক্ষার্থীদের মূল কাজ লেখাপড়া, এখানে দলীয় প্রভাবের কোনো সুযোগ থাকা উচিত নয় বলে মন্তব্য করেছেন অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী।
শুক্রবার সকালে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে সরস্বতী জ্ঞান মন্দির উদ্বোধন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন। তিনি বলেন, বাংলাদেশ বর্তমানে একটি স্থিতিশীল ও সহনশীল রাজনৈতিক ধারার দিকে এগোচ্ছে এবং এই পথে কেউ বাধা সৃষ্টি করলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
অর্থমন্ত্রী আরও বলেন, মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতি ও বৈশ্বিক সংকটের প্রভাব বাংলাদেশেও পড়ছে। তবে সরকার তুলনামূলকভাবে দেরিতে হলেও জ্বালানির মূল্য সমন্বয় করেছে, যা অন্যান্য অনেক দেশের তুলনায় কম।
তিনি দাবি করেন, বিশ্বের বিভিন্ন দেশে জ্বালানির দাম অনেক বেশি হারে বেড়েছে, এমনকি কোথাও কোথাও কারফিউ পরিস্থিতিও তৈরি হয়েছে। সে তুলনায় বাংলাদেশে পরিস্থিতি এখনো নিয়ন্ত্রণে রয়েছে।
জ্বালানি ও অর্থনৈতিক সংকট মোকাবিলায় সরকার সকলে নিয়ে কাজ করছে উল্লেখ করে তিনি বলেন, একটি কমিটি গঠন করে বিষয়গুলো স্বচ্ছভাবে পরিচালনা করা হচ্ছে এবং এতে কোনো গোপনীয়তা নেই।

