রাজধানীর শাহবাগ থানার সামনে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নেতাদের ওপর হামলা এবং পাবনা ও কুমিল্লায় ছাত্রশিবির নেতাকর্মীদের ওপর হামলার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে জামায়াতে ইসলামী।
শুক্রবার দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার এক বিবৃতিতে এ নিন্দা জানান। তিনি বলেন, শাহবাগ থানার ভেতরে ডাকসুর কয়েকজন নির্বাচিত প্রতিনিধির ওপর হামলা গণতান্ত্রিক পরিবেশের জন্য উদ্বেগজনক এবং অনভিপ্রেত।
বিবৃতিতে আরও বলা হয়, ঘটনার সময় পুলিশের ভূমিকা নিয়েও প্রশ্ন উঠেছে। নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করার দায়িত্ব থাকা সত্ত্বেও পুলিশের নিষ্ক্রিয়তা অত্যন্ত নিন্দনীয় বলে উল্লেখ করেন তিনি।
একই বিবৃতিতে পাবনার ঈশ্বরদী সরকারি কলেজ এবং কুমিল্লা পলিটেকনিক ইনস্টিটিউটে ছাত্রশিবির কর্মীদের ওপর হামলার ঘটনাও তুলে ধরা হয়। এতে কয়েকজন আহত হয়েছেন বলে দাবি করা হয়েছে।
জামায়াতের পক্ষ থেকে শিক্ষাঙ্গনে সব রাজনৈতিক সংগঠনের সহাবস্থান বজায় রাখা এবং সহিংসতা পরিহার করে শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করার আহ্বান জানানো হয়। পাশাপাশি আহতদের দ্রুত সুস্থতা কামনা করা হয় এবং সব পক্ষকে সংযত আচরণের অনুরোধ জানানো হয়।

