রাজশাহীর দুর্গাপুর উপজেলার দাওকান্দি সরকারি বিশ্ববিদ্যালয় কলেজে ভাঙচুর এবং এক শিক্ষিকার সঙ্গে অশোভন আচরণের অভিযোগে স্থানীয় বিএনপি নেতা আকবর আলীকে দল থেকে বহিষ্কার করা হয়েছে।
শুক্রবার বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্ত জানানো হয়। এতে বলা হয়, দলীয় শৃঙ্খলা ও নীতি-আদর্শবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার কারণে আকবর আলীকে বিএনপির প্রাথমিক সদস্যপদসহ সব পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছে।
এর আগে বৃহস্পতিবার ডিগ্রি পরীক্ষা চলাকালে কলেজে ঢুকে অফিসকক্ষ ভাঙচুর এবং কয়েকজন শিক্ষককে মারধরের অভিযোগ ওঠে তার বিরুদ্ধে। ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে, যেখানে বাকবিতণ্ডার এক পর্যায়ে শিক্ষিকা ও অভিযুক্ত নেতার মধ্যে হাতাহাতির দৃশ্য দেখা যায়।
ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা তৈরি হলে বিষয়টি দ্রুতই আলোচনায় আসে। পরে দলীয়ভাবে ব্যবস্থা নিয়ে তাকে বহিষ্কার করা হয় বলে জানানো হয়।

