উজিরপুর (বরিশাল) প্রতিনিধি:
বরিশালের উজিরপুর উপজেলার ধামুরা বাজারে অবস্থিত একটি ডায়াগনস্টিক সেন্টারে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে প্রায় ৪ লাখ টাকার মালামাল পুড়ে ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানা গেছে। বৃহস্পতিবার (২৩ এপ্রিল ২০২৬) সকাল আনুমানিক ৮টার দিকে “জনসেবা ডায়াগনস্টিক সেন্টার”-এ এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ওই সময় প্রতিষ্ঠানটি বন্ধ ছিল।
স্থানীয় সূত্রে জানা যায়, সকালে পথচারীরা ডায়াগনস্টিক সেন্টারের ভেতর থেকে ধোঁয়া বের হতে দেখে আশপাশের লোকজনকে খবর দেন। পরে সেন্টারের মালিকসহ স্থানীয়রা ঘটনাস্থলে ছুটে আসেন।
খবর পেয়ে উজিরপুর ফায়ার সার্ভিসের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে প্রায় এক ঘণ্টার চেষ্টায় সকাল ৯টা ২০ মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।
ডায়াগনস্টিক সেন্টারটি মোঃ বজলুর রহমান, মোঃ হোসেন ও জাকির হোসেনের যৌথ মালিকানাধীন বলে জানা গেছে।
অগ্নিকাণ্ডে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। তবে ভেতরে থাকা বিভিন্ন যন্ত্রপাতি ও আসবাবপত্র পুড়ে যাওয়ায় উল্লেখযোগ্য আর্থিক ক্ষতি হয়েছে।
ঘটনার পর উজিরপুর থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে এবং বিষয়টি তদন্তাধীন রয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

