রাজধানীর মোহাম্মদপুরে এক যুবকের রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। একই কায়দায় চার দিন আগে রায়েরবাজার এলাকায় আরেক যুবক হত্যার ঘটনার পর নতুন করে উদ্বেগ দেখা দিয়েছে।
বুধবার (১৫ এপ্রিল) দিবাগত রাত ১২টা ৫০ মিনিটের দিকে মোহাম্মদপুর থানাধীন বেড়িবাঁধ এলাকার সাদেক খানের ইটখোলা সংলগ্ন সড়ক থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
নিহত যুবকের নাম আসাদুল হক (২৮), যিনি এলাকায় ‘লম্বু আসাদুল’ নামে পরিচিত ছিলেন। তার বাড়ি বরিশালের গৌরনদী উপজেলায়। তিনি মোহাম্মদপুরের মেট্রো হাউজিং এলাকায় ভাড়া থাকতেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রাতে পথচারীরা সড়কের পাশে রক্তাক্ত অবস্থায় মরদেহটি পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেন। নিহতের বুক ও পিঠে ধারালো অস্ত্রের একাধিক আঘাতের চিহ্ন পাওয়া গেছে।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।
পুলিশের প্রাথমিক ধারণা, পূর্ব শত্রুতার জেরে পরিকল্পিতভাবে এই হত্যাকাণ্ড ঘটানো হয়েছে। তবে কারা বা কী কারণে এই ঘটনা ঘটিয়েছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।
ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্তে অভিযান ও তদন্ত চলছে বলে জানিয়েছে পুলিশ।

