পারভেজ হাসান ,
জমকালো আয়োজনের মধ্য দিয়ে বাংলা নববর্ষ ১৪৩৩ বরণ করে নিল বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (বেরোবি), রংপুর। দিনব্যাপী নানা উৎসব ও আয়োজনে মুখরিত হয়ে ওঠে পুরো ক্যাম্পাস।
বাংলা নববর্ষ উপলক্ষে আজ মঙ্গলবার (১৪ এপ্রিল) সকালে একটি আনন্দ শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রাটি বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের দক্ষিণ গেট থেকে যাত্রা শুরু করে।
বর্ণাঢ্য শোভাযাত্রার উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোঃ শওকাত আলী। বৈশাখের গান, বাঁশি ও বাদ্যের তালে তালে শোভাযাত্রাটি ক্যাম্পাসের প্রধান প্রধান সড়ক, পার্ক মোড়, শহীদ আবু সাঈদ চত্বর ও ক্যাডেট কলেজ মোড় প্রদক্ষিণ করে একাডেমিক ভবনের সামনে এসে শেষ হয়।
বিশ্ববিদ্যালয়ের সকল বিভাগের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীদের অংশগ্রহণে শোভাযাত্রায় বাঙালি সমাজের নানা ঐতিহ্য ও সংস্কৃতি প্রদর্শন করা হয়। শোভাযাত্রা শেষে একাডেমিক ভবনসমূহের সামনে বিভিন্ন বিভাগ আয়োজিত বৈশাখী মেলার স্টল পরিদর্শন করেন এবং শিক্ষক-শিক্ষার্থীদের সঙ্গে নববর্ষের শুভেচ্ছা বিনিময় করেন উপাচার্য প্রফেসর ড. মোঃ শওকাত আলী।
পরিদর্শনকালে উপাচার্য বলেন, বাংলা নববর্ষ আমাদের চিরায়ত ঐতিহ্য ও আত্মপরিচয়ের উৎসব। বাঙালি ঐতিহ্য ও সংস্কৃতিকে ধারণ করে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় যেভাবে বাংলা নববর্ষ উদযাপন করছে, তা সত্যিই প্রশংসার দাবি রাখে। তিনি আরও বলেন, বাঙালি ঐতিহ্য যেন কখনো হারিয়ে না যায়, সেজন্য বাংলা সংস্কৃতি ও ঐতিহ্যকে ধারণ করে নতুন বাংলাদেশ বিনির্মাণে ভবিষ্যতের পথে এগিয়ে যেতে হবে।
পহেলা বৈশাখ উপলক্ষে বিকেলে মিডিয়া চত্বরে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। যা বাঙালি রঙে, নাচে, গানে উৎসবের আমেজ আরও বাড়িয়ে তোলে।
উল্লেখ্য, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, রংপুরে পুরাতন বছরকে বিদায় ও নতুন বছরকে স্বাগত জানাতে দুই দিনব্যাপী অনুষ্ঠানের আয়োজন করা হয়। প্রথম দিনে (১৩ এপ্রিল, ২০২৬) বিকেলে চৈত্রসংক্রান্তি ১৪৩২ বঙ্গাব্দ উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের ফুটবল মাঠে ঘুড়ি উড়ানো প্রতিযোগিতার আয়োজন করা হয়।

