মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পোপ লিওকে ঘিরে সমালোচনার পর এবার এআই-নির্মিত একটি বিতর্কিত ছবি শেয়ার করে নতুন আলোচনার জন্ম দিয়েছেন।
সোমবার (১৩ এপ্রিল) নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ‘ট্রুথ সোশ্যাল’-এ কোনো মন্তব্য ছাড়াই যিশু খ্রিস্টের বেশে নিজের একটি ছবি পোস্ট করেন তিনি। পোপ লিওর সাম্প্রতিক মন্তব্যের প্রেক্ষিতেই এই পদক্ষেপ বলে ধারণা করা হচ্ছে।
এর আগে ট্রাম্প পোপকে কঠোর ভাষায় সমালোচনা করে তাকে অপরাধ দমনে দুর্বল এবং বৈদেশিক নীতিতে ব্যর্থ বলে মন্তব্য করেন। একই সঙ্গে তিনি দাবি করেন, যুক্তরাষ্ট্রের সহায়তা ছাড়া ভ্যাটিকানে টিকে থাকা কঠিন হতো।
এদিকে ট্রাম্পের এই পোস্ট ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। তার সমর্থকদের একটি অংশও ছবিটি সরিয়ে নেওয়ার আহ্বান জানিয়েছেন।
অন্যদিকে পোপ লিও জানিয়েছেন, তিনি এসব মন্তব্যে বিচলিত নন এবং শান্তির বার্তা ধর্মীয় শিক্ষার ভিত্তিতেই দিয়ে থাকেন। তিনি রাজনৈতিক বিতর্কে জড়াতে অনিচ্ছুক বলেও জানান।
ইরান ইস্যুকে কেন্দ্র করে দুই পক্ষের এই বক্তব্য-পাল্টা বক্তব্য আন্তর্জাতিক অঙ্গনে নতুন করে আলোচনার সৃষ্টি করেছে।

