দেশে গত ২৪ ঘণ্টায় হাম ও এর উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু হয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। এর মধ্যে ২ শিশুর মৃত্যুর কারণ হিসেবে হাম নিশ্চিত করা হয়েছে, আর বাকি ৫ শিশু হামের লক্ষণ নিয়ে মারা গেছে।
সোমবার (১৩ এপ্রিল) প্রকাশিত সর্বশেষ প্রতিবেদনে বলা হয়, একই সময়ে হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ৭২৯ শিশু এবং নতুন করে ৮২ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে।
মৃতদের মধ্যে হামে আক্রান্ত দুই শিশুই ঢাকা বিভাগের। উপসর্গ নিয়ে মারা যাওয়া পাঁচ শিশুর মধ্যে চারজন ঢাকা বিভাগের এবং একজন রাজশাহী বিভাগের বাসিন্দা। শনাক্ত রোগীর সংখ্যাও সবচেয়ে বেশি ঢাকা বিভাগে, যেখানে ৭৬ জনের হাম ধরা পড়েছে।
প্রতিবেদন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় সারা দেশে হামের উপসর্গ দেখা গেছে ১ হাজার ৩৭১ জনের মধ্যে। এর বড় অংশই ঢাকা বিভাগের। একই সময়ে হাসপাতালে ভর্তি রোগীদের একটি বড় অংশও এই বিভাগে।
এদিকে, গত একদিনে ৭১৩ জন শিশু চিকিৎসা শেষে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বলছে, গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হামে ৩০ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে হামের উপসর্গ নিয়ে মারা গেছে ১৫৬ শিশু। এছাড়া উপসর্গ নিয়ে আসা ১৭ হাজারের বেশি শিশুর মধ্যে প্রায় ১১ হাজারকে হাসপাতালে ভর্তি করতে হয়েছে, যার মধ্যে ২ হাজার ৭০০-এর বেশি শিশুর শরীরে হাম শনাক্ত হয়েছে।

