শেরপুর-৩ ও বগুড়া-৬ আসনের উপনির্বাচনে বিজয়ী দুই নবনির্বাচিত সংসদ সদস্য ত্রয়োদশ জাতীয় সংসদের সদস্য হিসেবে শপথ গ্রহণ করেছেন।
রোববার (১২ এপ্রিল) দুপুর ১২টায় জাতীয় সংসদ ভবনের চতুর্থ তলায় স্পিকারের কক্ষে শপথ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
স্পিকার হাফিজ উদ্দিন আহমদ নবনির্বাচিত শেরপুর-৩ আসনের মাহমুদুল হক রুবেল এবং বগুড়া-৬ আসনের রেজাউল করীম বাদশাকে শপথ বাক্য পাঠ করান। পরে তারা শপথ বইয়ে স্বাক্ষর করেন এবং স্পিকারের সঙ্গে করমর্দন করেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী ও সংসদ নেতা তারেক রহমান, স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ, ডেপুটি স্পিকার কায়সার কামাল, প্রধান হুইপ নুরুল ইসলাম মনি, স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম, হুইপ মিয়া নুরউদ্দিন আহমেদ অপু এবং এবিএম আশরাফ উদ্দিন।
সংসদ সচিব গোলাম সরওয়ার ভূঁইয়া অনুষ্ঠানটি পরিচালনা করেন।
উল্লেখ্য, বগুড়া-৬ আসনে নির্বাচনে জয়ী হয়ে পরবর্তীতে আসনটি ছাড়েন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। তার পদত্যাগের পর ওই আসনে উপনির্বাচন অনুষ্ঠিত হয়। অন্যদিকে, শেরপুর-৩ আসনে একজন প্রার্থীর মৃত্যুজনিত কারণে নির্বাচন স্থগিত থাকায় একই সময়ে সেখানে ভোটগ্রহণ সম্পন্ন হয়।

